মন্দিরে ধর্মীয় আচার–অনুষ্ঠানে রোবট হাতি
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ইরিঞ্জাদাপিল্লি শ্রীকৃষ্ণমন্দির কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল, মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানে তারা জ্যান্ত প্রাণীর ব্যবহার বন্ধ করবে। এবার সে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যবস্থা নিয়েছে তারা। মন্দিরে আচার–অনুষ্ঠান সম্পাদনে একসময় জ্যান্ত হাতি ব্যবহার করা হতো। এবার জীবন্ত হাতির জায়গায় একটি যান্ত্রিক হাতি রাখা হয়েছে।
প্রাণীদের রক্ষায় আন্দোলনকারী সংগঠনের (পিইটিএ) সঙ্গে যৌথভাবে অভিনেত্রী পার্বতী থিরুভোথু এই হাতি রোবট অনুদান হিসেবে দিয়েছেন। তাদের আশা, এর মধ্য দিয়ে নৃশংসতামুক্ত উপায়ে আচার–অনুষ্ঠান সম্পাদন করা যাবে।
কেরালায় মন্দিরে আয়োজিত ধর্মীয় উৎসবে শিকলবন্দী ও সুসজ্জিত হাতিদের রাখা হয়। বছরের পর বছর ধরে প্রাণিকল্যাণ আন্দোলনের কর্মীরা এসব হাতির সঙ্গে বাজে আচরণের অভিযোগ করে আসছেন।
গতকাল সোমবার এক বিবৃতিতে পিইটিএ কর্তৃপক্ষ বলেছে, মন্দিরে উৎসব চলার সময় প্রচণ্ড রকমের শব্দ হয়। জীবন্ত হাতিকে সে শব্দের মধ্যে রাখাটা নৃশংসতা। সব মন্দিরেই এ ধরনের যান্ত্রিক হাতি ব্যবহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মন্দিরে রাখা ওই যান্ত্রিক হাতির উচ্চতা ১১ ফুট, ওজন ৮০০ কেজি। এটি লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে।
মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, যান্ত্রিক হাতি পেয়ে মন্দির কর্তৃপক্ষ খুশি।
নাম্বুথিরি আশা প্রকাশ করেন, অন্য মন্দিরগুলোও ধর্মীয় আচার–অনুষ্ঠানের জন্য জীবন্ত হাতির জায়গায় রোবোটিক হাতি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে।
হাতির মৃত্যুহার ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভারতের প্রাণী অধিকারবিষয়ক গবেষণাকেন্দ্রের পক্ষ থেকে গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ১৩৮টি বন্দী হাতির মৃত্যু হয়েছে।