কলকাতায় পঞ্চমীর দিন থেকেই পূজা প্যান্ডেলে মানুষের ঢল
মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আজ শনিবার শুরু হয়ে গেল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গতকাল ছিল দুর্গোৎসবের মহা পঞ্চমী। গতকাল কলকাতার পূজা প্যান্ডেলগুলো জনতার প্লাবনে ভেসেছে।
নির্মেঘ আকাশ আর বৃষ্টিহীন দিনের জন্য মানুষ বিভিন্ন মণ্ডপ এবং দুর্গা প্রতিমা দেখার জন্য নেমে পড়ে। গত দুই বছর করোনার কারণে সেভাবে কলকাতায় উদ্যাপিত হয়নি দুর্গোৎসব। এবার করোনা অনেকটাই বিদায় নেওয়ায় মানুষ মেতে উঠেছে দুর্গোৎসবের আনন্দে।
আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতার কারণে চতুর্থীতেই প্রচণ্ড ভিড় দেখা যায় প্রতিটি মণ্ডপে। কারণ, আবহাওয়া দপ্তর আগাম সতর্কবার্তায় জানিয়েছিল সপ্তমী ও অষ্টমীর দিন ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল পঞ্চমীর দিনে কলকাতার মেট্রোরেলের দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ৭ লাখ ১০ হাজার ৫২১ যাত্রী চলাচল করেছে। এটা সাম্প্রতিক কালের রেকর্ড। ওই দিন মেট্রোরেলের আয় হয়েছে ১ কোটি ৬ লাখ ৮১ হাজার ৩৭৮ রুপি।
এবার পশ্চিমবঙ্গে সর্বজনীন দুর্গাপূজা হচ্ছে ৪৩ হাজার। এটাও দুর্গাপূজার ইতিহাসে নতুন রেকর্ড। আর কলকাতায় এই পূজা হচ্ছে ২ হাজার ৭০৬টি। এবার রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ৪৩ হাজার পূজা কমিটিকে ৬০ হাজার রুপি করে অনুদান দিয়েছে।
এবারের কলকাতার উল্লেখযোগ্য পূজার মধ্যে—বাগবাজার সর্বজনীন, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক, পার্ক সার্কাস সর্বজনীন, মহম্মদ আলি পার্ক সর্বজনীন, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন, হিন্দুস্থান পার্ক, সিংহী পার্ক, বোসপুকুর শীতলা মন্দির, বকুলবাগান সর্বজনীন, বালিগঞ্জ সর্বজনীন, সেলিমপুর পল্লি, কলেজ স্কোয়ার সর্বজনীন, কালীঘাট শ্রীসংঘ, বড়িশা ক্লাব, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, তালপুকুর বারোয়ারি, বেলুর মঠ, রাজডাঙ্গা সর্বজনীন, পুটিয়ারি ক্লাব, সুরুটি সংঘ, একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ, দেপ্রিয় পার্ক, ত্রিধারা সন্মিলনী, বেহালা দেবদারু ফটক, শ্রীভূমি স্পেটিং ক্লাব, বারাসাত ন’পাড়া সর্বজনীন, নেতাজি বালক সংঘ, আলিপুর সর্বজনীন, শিয়ালদহ সর্বজনীন, কালীঘাট সর্বজনীন, তেলেঙ্গাবাগান সর্বজনীন ও সল্টলেকের বিভিন্ন পূজামণ্ডপ উল্লেখযোগ্য। পূজামণ্ডপ ও দুর্গা প্রতিমা নির্মাণ হয়েছে নিত্যনতুন ভাবনা।
প্রসঙ্গত, ২০১৫ সালের দেশপ্রিয় পার্কের বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু পূজা শুরুর আগেই প্রচণ্ড ভিড়ের কারণে পূজামণ্ডপ বন্ধ করতে বাধ্য হয়েছিল পুলিশ।
একইভাবে গত বছর উত্তর কলকাতার শ্রীভূমি স্পোটিং ক্লাব আরব বিশ্বের সর্বোচ্চ ভবন আরব আমিরাতের দুবাইর বুর্জ খলিফার আদলে মণ্ডপ নির্মাণ করলে প্রচণ্ড ভিড়ের কারণে সেই মণ্ডপও বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। এবার যাতে এ ধরনের সমস্যায় পড়তে না হয়, এর আগাম ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।
প্রতিটি মণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা, সেই সঙ্গে ওয়াচ টাওয়ারের সংখ্যা। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণের গাড়িসহ বিশেষ পুলিশের সংখ্যা।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন, এবারের পূজা শান্তিপূর্ণ করার জন্য কলকাতা পুলিশ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়োগ করা হয়েছে ১৭ হাজার পুলিশ এবং হোমগার্ড। এদের মধ্যে ১০ হাজার হোম গার্ড। ব্যবস্থা করা হয়েছে শহরের ৪০০টি স্থানে পিকেটিংয়ের। প্রস্তুত রাখা হয়েছে ৫৮টি পিসিআর ভ্যান। আরও প্রস্তুত রাখা হয়েছে ৪১টি পুলিশের কুইক রেসপন্স টিম।