‘একেই বলে সত্যিকারের ভালোবাসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের মধ্যে অসুস্থ স্ত্রীকে খাওয়ানোর এই দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

ট্রেনটি গন্তব্যে ছুটছে। কামরায় বসে গল্পগুজবে মেতেছেন বিভিন্ন বয়সী যাত্রীরা। পাশেই অসুস্থ স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছেন এক প্রবীণ ব্যক্তি। যত্ন করে স্ত্রীকে খাওয়ানোর আবেগঘন এই দৃশ্য হৃদয় ছুঁয়েছে অসংখ্য মানুষের। স্ত্রীকে সেবা করার দারুণ এই মুহূর্ত ভিডিও করেছেন ইন্ডিয়ান আইডল-৫-এর রানারআপ রাকেশ মইনি। পরে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিডিওটি।

রাকেশ মইনি ওই ট্রেনে করেই যাচ্ছিলেন। স্ত্রীকে খাইয়ে দেওয়ার ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত রাতে এক প্রবীণ তাঁর অসুস্থ স্ত্রীকে হাত ধরে ট্রেনে ওঠান। ট্রেনটি ছাড়ার পর একটু পরপর স্ত্রীকে খাবার খাইয়ে দিচ্ছিলেন। আবার প্রয়োজন হলে তাঁকে শৌচাগারেও নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। রাত হওয়ার পর স্ত্রীর শোবার জন্য বিছানা প্রস্তুত করে দেন। স্ত্রীর ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য নিজে জেগে থেকে খেয়াল রাখেন। এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। পুরো ঘটনাটি আমি মনোযোগ দিয়ে দেখলাম। পরে নিজেকে সংবরণ করতে পারিনি। আমি খুবই আবেগাপ্লুত।’

ভালোবাসার নজির তৈরি করা প্রবীণ দম্পতির এই ভিডিও দেখেছেন ৮৮ লাখ মানুষ। এতে ৮ লাখ ৬ হাজারের বেশি লাইক পড়েছে। আর মন্তব্য করেছেন সাড়ে তিন হাজার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রবীণ দম্পতির এই বন্ধন দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাঁরা এটিকে বিশুদ্ধতম প্রেমের সাক্ষী হওয়ার হৃদয়গ্রাহী দৃশ্য বলে মনে করেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা এটাই চাই। কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল কেউ এই চেষ্টাটা করতে চায় না। সবাই শুধু ভালো কিছু পেতে চায়। আমি জানি না আজকাল মানুষ এত অমানবিক হয়ে যাচ্ছে কেন। এই আবেগগুলো কোথায় হারিয়ে যাচ্ছে।’

এই ভিডিও নিয়ে একজন মন্তব্য করেছেন, প্রতিদিন একসঙ্গে জেগে উঠতে পারাটা তাঁদের জন্য একটা আশীর্বাদ। যুগ যুগ ধরে সৃষ্টিকর্তা তাঁদের মঙ্গল করুন।
আরেকজন লিখেছেন, ‘কী সুন্দর দৃশ্য!’