ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেছবি: ধ্রুব রাঠির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া ও এএনআই

ফেসবুকে অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে লেখা ইউটিউবার ধ্রুব রাঠির চিঠি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সেই চিঠি নিয়ে বিভিন্ন জনমতের স্রোতে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।

কিছু দিন আগে বলিউডের আরেক অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুই দুষ্কৃতকারী। সেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে মুম্বাই অপরাধজগতের কুখ্যাত সংগঠন লরেন্স বিষ্ণোই গ্যাং। এ হামলার কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই ঘটনার জের টেনেই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন ধ্রুব রাঠি।

প্রসঙ্গত বলিউডের বিজেপি–ঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমারের স্থান প্রথম সারিতে। ২০১১ সালে দিল্লির মসনদে বসার পর যে কয়জনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার মধ্যে অক্ষয় ছিলেন। এই সব কারণ বিবেচনা করেই যে তাঁকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার, তা বোঝাই যাচ্ছে।

চিঠির শুরুতেই রাঠি লিখেছেন, ‘অক্ষয়, এই গুন্ডাদের যে অমিত শাহই নিরাপত্তা দিচ্ছেন, তা তুমি ভালো করেই জানো। তোমার জীবিকা, তোমার পরিবার এবং হিন্দি ছবির জগতে তোমার সহ-অভিনেতাদের নিরাপত্তার সব দায়িত্ব তাঁরই।’

এরপর অক্ষয়কে সতর্ক করে চিঠিতে লেখা হয়েছে, ‘তোমরা তাঁর সামনে যত ক্রীতদাসের মতো আচরণ করবে, ততই তিনি তোমাদের জঞ্জালের মতো ব্যবহার করবেন। কিন্তু যে মুহূর্তে তোমরা এককাট্টা হয়ে সাহসী পদক্ষেপ নেবে, তখনই তাঁরা চমকে যাবেন।’

বলিউড নায়ককে উদ্দেশ্য করে রাঠি আরও লিখেছেন, ‘পরবর্তী পাঁচ প্রজন্মের জন্য যথেষ্ট সুনাম ও অর্থ উপার্জন করে ফেলেছ। গুন্ডারাজের এই একনায়কতন্ত্রের মেয়াদ আগামী কয়েক বছরের মধ্যেই ফুরাবে। প্রশ্ন হলো, এরপর এই সময়কার স্মৃতি তুমি কী নজরে দেখবে? উত্তরসূরিদের তুমি কী বলবে?’

চিঠির পরবর্তী অংশে লেখা হয়েছে, ‘পরবর্তী প্রজন্মকে কি তুমি বলতে পারবে যে নিরাপত্তার অলীক আশায় তুমি মাথা নত করেছিলে? নাকি তাদের বলতে পারবে যে নিজের সাহস দেখানোর মতো হিম্মত করেছিলে? ইমরান খান, প্রকাশ রাজদের মতো ইন্ডাস্ট্রির সতীর্থদের দেখে অনুপ্রাণিত হও।’

চিঠির শেষাংশে পৌঁছে লেখা হয়েছে, ‘আমি জানি যে পুরো ইন্ডাস্ট্রি বিশাল চাপে রয়েছে। তবে যত তাড়াতাড়ি আমরা আমাদের দেশ ফিরে পাব, ততই তুমি ও তোমার সহ-অভিনেতারা নিজেদের প্রিয় স্বাধীনতা ও শান্তি ফিরে পাবে।’

দিপকের ফেসবুক ওয়ালে পোস্ট করা ধ্রুব রাঠির লেখা অক্ষয় কুমারের উদ্দেশে এই চিঠি পড়ার পর তার সপক্ষে ও বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। কমেন্ট বক্সে একজন ব্যবহারকারী অভিজিৎ দিপকেকে ট্যাগ করে লিখেছেন, ‘পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিই এখন দেউলিয়া হয়ে গেছে। নিজেদের অর্থ, নিরাপত্তা ও স্বার্থসিদ্ধির জন্য তারা সবাই এখন ক্ষমতার সামনে নতি স্বীকার করেছে। ইমরান খান, প্রকাশ রাজ, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ ও জয়া বচ্চনের মতো কয়েকজন শুধু ব্যতিক্রম রয়েছেন। তাঁদের কথা চিন্তা করা মানে সময় নষ্ট করা। তবে যখন পালাবদল ঘটবে এবং আপনারা ক্ষমতায় আসবেন, সঙ্গে সঙ্গে এরাই লাফিয়ে এসে আপনাদের সামনে পড়বে।’

এ মন্তব্যের জবাবে অন্য এক ব্যবহারকারী দিপকের উদ্দেশে লিখেছেন, ‘আপনি যতই উসকানি দিন, আপনি যতই চেষ্টা করুন না কেন, এই দেশটি নত হবে না। দেশের জনগণ সবকিছু দেখছে এবং ইতিমধ্যেই আপনাকে ভালোভাবে চিনেছে। আপনার সব প্রচেষ্টা সত্ত্বেও ভারতের জনগণ তাদের দেশের সঙ্গে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, ভারতের ঐক্য এবং তার জনগণের বিশ্বাসের চেয়ে কেউ বড় নয়। জয় হিন্দ! বন্দে মতেরম!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমাদের যুবসমাজ ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগায়। তারা এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে স্বাভাবিক বলে মেনে নেয় না। তারা তাদের অধিকারের জন্য লড়াই করে। তারা নির্ভীক। জয় তাদের হবেই।