সোনিয়ার সঙ্গে আজ দেখা করবেন নীতীশ-লালু
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আজ রোববার দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। খবর এএনআইয়ের।
পাঁচ বছরের বেশি সময় পর এই তিন নেতার মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে মোকাবিলায় সব বিরোধীদের একত্র করাই এই বৈঠকের লক্ষ্য।
গত মঙ্গলবার লালু প্রসাদ যাদব বলেছিলেন, তিনি ও নীতীশ কুমার নয়াদিল্লিতে যাবেন। সেখানে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন।
আরজেডিপ্রধান আরও বলেছিলেন, ‘সবাইকে সতর্ক হতে হবে। ২০২৪ সালে বিজেপিকে উৎখাত করতে হবে। আমি শিগগিরই নয়াদিল্লি যাব। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব। রাহুল গান্ধীর পদযাত্রা শেষে তাঁর সঙ্গেও আমি দেখা করব।’
এদিকে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জনগণের ভোট চাওয়ার জন্য বিরোধীদের একটি বিশ্বাসযোগ্য মুখ দরকার। দরকার গণ-আন্দোলনের।
প্রশান্ত কিশোরের মতে, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা-সাক্ষাৎ-বৈঠকে অবস্থার খুব বেশি বদল হবে না। এ ধরনের বৈঠককে বিরোধীদের ঐক্য হিসেবে দেখা যায় না।