বাড়ি ঘেরাও করলে কী হবে, হুঁশিয়ার করলেন শুভেন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভেন্দু অধিকারী
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বাসভবন ঘেরাও করতে গেলে ফলাফল ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই ঘেরাও করার ডাকে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে বলে সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য দলের রাজনীতিকেরা আশঙ্কা করছেন।

রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ কেন্দ্রীয় সরকার আটকে দিচ্ছে, এমন অভিযোগে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছি তৃণমূল কংগ্রেস। গতকাল শুক্রবার কলকাতার ধর্মতলায় আয়োজিত তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ থেকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সমাবেশে তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ আগস্ট রাজ্যের সর্বত্র— জেলা, থানা, ব্লক এবং পঞ্চায়েত পর্যায়ের সব বিজেপি নেতার বাসভবন ঘেরাও করা হবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজেপির কোনো নেতা বাড়ি থেকে বের হতে পারবেন না। বাড়িতে কাউকে ঢুকতেও দেওয়া হবে না। শুধু প্রবীণদের ছাড় দেওয়া হবে।

তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে কিছু পরিবর্তন আনেন। তিনি বলেন, এই ঘেরাও কর্মসূচি পালিত হবে বিজেপি নেতাদের বাসভবনের ১০০ মিটার দূরে। তা হবে শান্তিপূর্ণ এবং প্রতীকী।

তকাল শুক্রবার কলকাতার ধর্মতলায় বার্ষিক শহীদ সমাবেশে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: প্রথম আলো

এদিকে অভিষেকের ঘেরাও করার ডাকে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের আশঙ্কা এ নিয়ে রাজ্য রাজনীতি আবার উত্তাল হলে শান্তি বিঘ্নিত হতে পারে।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এর ফল হবে মারাত্মক। আমার বাড়িতে আমি ঢুকব, এটা তো আমার মৌলিক অধিকার। এই হুমকির পর আমরা অভিষেকের বিরুদ্ধে আদালতে যাব। এফআইআর হবে। বিজেপির কর্মীরা এসব মেনে নেবে না। এসব করতে এলে দিল্লিতে আমরা তৃণমূলের সংসদ সদস্যদের সংসদে  ঢুকতে দেব না’।

আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘এই গণঘেরাও অভিযানে আমাদের কোনো নেতা–কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে সে জন্য মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর ভাইপো অভিষেক দায়ী থাকবেন।’

তৃণমূলের ঘেরাও নিয়ে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘রাজনৈতিক বিরোধ থাকলেও নেতাদের বাড়ি ঘেরাও সুস্থ সংস্কৃতি নয়। কিন্তু তৃণমূল এসব কাজে অভ্যস্ত।’ অন্যদিকে প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘রাজনৈতিক বিরোধকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া ঠিক নয়। নেতাদের বাড়িতে চলে যাওয়া, ঘেরাও ইত্যাদির ডাক এবং পাল্টা হঁশিয়ারি এই বাংলাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবে।’

আরও পড়ুন