বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল
ভারত জোড়ো যাত্রা দিল্লি পৌঁছানোর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমরা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি।’ তাঁর কথায় ও কাজে যে অমিল নেই, তা প্রমাণে রাহুল সোমবার সকালে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সমাধিস্থলেও যান শ্রদ্ধা জানাতে।
আগে ঠিক ছিল, দিল্লিতে দেশের প্রয়াত প্রধানমন্ত্রীদের সমাধিস্থলে রাহুল শ্রদ্ধা জানাবেন ২৪ ডিসেম্বর। পরে দিন পরিবর্তন করে করা হয় সোমবার। সেই মতো প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে সাতসকালে রাহুল যান ‘রাজঘাট’-এ, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। এরপর একে একে জওহরলাল নেহরুর সমাধিস্থল ‘শান্তি বন’, লাল বাহাদুর শাস্ত্রীর ‘বিজয় ঘাট’, ইন্দিরা গান্ধীর ‘শক্তি স্থল’, চরণ সিংয়ের ‘কিষান ঘাট’, রাজীব গান্ধীর ‘বীর ভূমি’ ও অটল বিহারি বাজপেয়ীর ‘সদৈব অটল’–এ যান রাহুল। বিজেপির অবিসংবাদী নেতা ও দলের প্রথম প্রধানমন্ত্রী বাজপেয়ী মারা যান ২০১৮ সালে। রাহুলই প্রথম কংগ্রেস নেতা, যিনি তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানালেন। ২৫ ডিসেম্বর ছিল বাজপেয়ীর জন্মদিন।
বাজপেয়ীর সমাধিস্থল পরিদর্শনের সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক। এর মধ্য দিয়ে কংগ্রেস বাজপেয়ীর সময়কার বিজেপির সঙ্গে আজকের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির তুলনায় সচেষ্ট। পাশাপাশি তাঁরা যে ‘ঘৃণার রাজনীতি’ করেন না, সব নেতাকে শ্রদ্ধার চোখে দেখেন ও সহিষ্ণু, তা প্রমাণেরও একটা তাগিদ ছিল। আজকের বিজেপি নেতৃত্বের তুলনায় বাজপেয়ী কত সহনশীল, সহিষ্ণু ও গণতন্ত্রী ছিলেন, সেই তুলনাও এই সিদ্ধান্তের মধ্য দিয়ে করতে কংগ্রেস সচেষ্ট। গত রোববার বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সেই তুলনা টেনে বলেন, ‘১৯৬২ সালে চীনা আগ্রাসন নিয়ে আলোচনার জন্য অন্যান্যের সঙ্গে প্রথমবারের সংসদ সদস্য বাজপেয়ী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে সংসদের অধিবেশনের দিন এগিয়ে আনতে অনুরোধ করেছিলেন। নেহরু রাজি হয়েছিলেন। চীনা আগ্রাসন সংসদে আলোচিতও হয়েছিল। অথচ আজ সংসদ সদস্যরা চীনা আগ্রাসন নিয়ে আলোচনা করতে পারেন না।’
তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর। সেই থেকে আজও রাহুল তাঁর যাত্রাকালীন পোশাক পরিবর্তন করেননি। ট্রাউজার্সের ওপর সাদা টি–শার্ট। উত্তর ভারতের হাড় হিম ঠান্ডাতেও তা অপরিবর্তিত। দিল্লিতে এবারের বড়দিন ছিল গত আট বছরের মধ্যে শীতলতম। রোববারের সর্বোচ্চ তাপমান ছিল ১৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা কমে হয়েছিল ২ ডিগ্রি। সোমবারের কুয়াশা মোড়া হাড়কাঁপানো সকালেও রাহুলকে দেখা গেল সেই পরিচিত ট্রাউজার্স ও সাদা টি–শার্টে। সবার সমাধিতেই তিনি যান খালি পায়ে। তীব্র শৈত্যপ্রবাহেও কী করে রাহুল টি–শার্ট পরে ভারত জোড়ো যাত্রার কর্মসূচির অনুষ্ঠান পালন করছেন, রাজনৈতিক মহলে সেটাই হয়ে উঠেছে প্রবল বিস্ময়!
গত শনিবার ভারত জোড়ো যাত্রা দিল্লি পৌঁছানোর পর লাল কেল্লার অনুষ্ঠানে উৎসুক সাংবাদিকেরা রাহুলের কাছ এই রহস্য নিয়ে প্রশ্ন করেছিলেন। শুধু একটি টি–শার্ট পরে কীভাবে তিনি এই শৈত্যপ্রবাহের মোকাবিলা করছেন—সেই প্রশ্নের জবাব অবশ্য রাহুল দেননি। বরং পাল্টা বলেছিলেন, ‘ওঁরা বারবার এটাই জানতে চাইছেন আমার ঠান্ডা লাগে কি না। কী করে আমি ঠান্ডার মোকাবিলা করছি। ওঁরা কিন্তু দেশের গরিব কৃষকদের এই প্রশ্ন করেন না। গরিব মানুষকে, দরিদ্র শ্রমিক ও শিশুদের এই প্রশ্ন করেন না।’
লাল কেল্লার অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, ‘আমি প্রায় তিন হাজার কিলোমিটার পথ হেঁটেছি। কিন্তু এটা আহামরি এমন কিছু নয়। কৃষকেরা, শ্রমিকেরা প্রতিদিন আরও অনেক বেশি হাঁটেন। অনেক বেশি পরিশ্রম করেন।’
রাহুলের যাত্রাসঙ্গী কংগ্রেস নেতা কানহাইয়া কুমার অবশ্য দিল্লি পৌঁছে এই বিস্ময়ের এক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বিজেপি প্রতিদিন যে পরিমাণ ঘৃণা উগরাচ্ছে, ক্রমাগত রাহুলকে যেভাবে আক্রমণ করছে, তাতে রাহুল সর্বংসহ হয়ে গেছেন। সবকিছু তাঁর গা সওয়া হয়ে গেছে। গা সওয়া হয়ে গেলে অনেক কিছুরই আর দরকার পড়ে না।’
বিজেপি প্রচার করছে, বর্ষশেষে রাহুল গান্ধী বিদেশ যাবেন বলেই ভারত জোড়ো যাত্রায় ১০ দিনের বিরতি দেওয়া হয়েছে। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি এই দাবি জানিয়ে টুইটও করেছেন। তার পাল্টা জয়রাম রমেশ বলেছেন, যোশির দাবি সত্য হলে তিনি ক্ষমা চাইবেন। না হলে যোশিকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ক্ষমা চাওয়া বিজেপির বহুদিনের অভ্যাস। দেখা যাক, এবার তারা ক্ষমা চায় কি না।