পাঞ্জাবে সেনাছাউনির ভেতরে গুলি, নিহত ৪
ভারতের পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা সেনাছাউনির ভেতরে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে চারজনের নিহত হওয়ার কথা স্বীকার করেছে সেনা কর্তৃপক্ষ।
আজ বুধবার ভোররাতে এ গুলির ঘটনা ঘটে। তবে কে বা কারা এ গুলি চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। গুলির পর পুরো এলাকা ঘেরাও করে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ভোররাত সাড়ে চারটা নাগাদ সেনানিবাসের মধ্যে গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর ‘কুইক রিঅ্যাকশন টিম’ তৎপর হয়। পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করা হয়। গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন।
সেনা সূত্রের প্রাথমিক তথ্য হলো, অফিসার্স মেসের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে নিহত ৪ জনের সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের সদস্য।
গুলির ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে সেনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলেনি।
কয়েক মাস ধরে পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রয়াত খালিস্তানি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের অনুগামী হিসেবে পরিচিত অমৃতপাল সিংয়ের সশস্ত্র অনুসারীদের থানা আক্রমণ করে বিচ্ছিন্নতাবাদীদের ছাড়িয়ে নেওয়ার ঘটনা রাজ্যে ঘটেছে। তবে অমৃতপালকে এখনো ধরতে পারেনি রাজ্য পুলিশ।
খালিস্তান আন্দোলনের সমর্থনে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ায় শিখ সম্প্রদায়ের একাংশ সক্রিয় রয়েছে। তারা ভারতীয় দূতাবাসেও হামলা চালিয়েছে। এমন প্রেক্ষাপটে ভাটিন্ডা সেনাছাউনিতে গুলির ঘটনাটি খালিস্তানিদের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভাটিন্ডার পুলিশ সুপার জি এস খুরানা অবশ্য সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনার সঙ্গে খালিস্তানিদের সংশ্লিষ্টতা নেই বলেই মনে হচ্ছে। এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হতে পারে।
পুলিশ সূত্র জানায়, দুদিন আগে সেনাছাউনি থেকে একটি রাইফেল ও ২৮টি কার্তুজ খোয়া যায়। গুলির সঙ্গে রাইফেল-কার্তুজ খোয়া যাওয়ার ঘটনার যোগসূত্র থাকলেও থাকতে পারে বলে পুলিশের অনুমান।