রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা জানুয়ারিতে
অযোধ্যার রামমন্দিরই হতে চলেছে আগামী বছর লোকসভা নির্বাচনের মূল আকর্ষণ। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা সৃষ্টির ব্যাপক পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলা হয়েছে। ঠিক হয়ে গেছে রামচন্দ্রের মূর্তি স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠার দিন। আগামী বছরের ১৪ জানুয়ারি, রোববার, সেই মহাসন্ধিক্ষণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। টানা ১০ দিন ধরে চলবে অনুষ্ঠানপর্ব। রামমন্দির স্থাপন কমিটির চেয়ারম্যান নৃপেণ মিশ্র গত মঙ্গলবার সর্বভারতীয় এক গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, দেশের সর্বত্র তো বটেই, বিদেশেও মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
জানুয়ারি মাসজুড়ে মন্দির তৈরি ও রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে বিপুল কর্মকাণ্ড চলবে, হিন্দুত্ববাদের যে জোয়ার দেখা দেবে, বিজেপি মনে করছে, তাতে ভেসেই লোকসভা নির্বাচনী বৈতরণি পেরোনো যাবে। সংঘ পরিবার ও বিজেপি যৌথভাবে সেই পরিকল্পনায় ব্যস্ত।
রামমন্দিরকে কেন্দ্র করে গোটা অযোধ্যা জেলায় প্রায় ৬০ হাজার কোটি রুপির কর্মযজ্ঞ চলছে। মন্দির চত্বর ও অযোধ্যা জনপদের উন্নয়ন ছাড়াও তৈরি হচ্ছে নতুন এক বিমানবন্দর। দেশ–বিদেশের ধর্মপ্রাণ হিন্দুদের আসা–যাওয়া ও থাকা–ঘোরা সহজ করে তুলতে তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা। মোটরগাড়ির বহুতল পার্কিং। বিভিন্ন মানের অন্তত ৩০টি হোটেল। পুরোনো নিকাশি ব্যবস্থার হাল ফেরানো হচ্ছে, যাতে বর্ষায় প্লাবন হওয়ার শঙ্কা না থাকে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গেলে যা যা করণীয়, অযোধ্যাকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে। বদলে দেওয়া হচ্ছে সরযু নদের দুই পার। অবকাঠামো নির্মাণের পাশাপাশি ও সৌন্দর্যবৃদ্ধি এমনভাবে করা হচ্ছে, যাতে অযোধ্যা নগর হয়ে ওঠে দেশের সবচেয়ে আকর্ষণীয় ‘স্মার্ট সিটি’। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ প্রতি মাসে নিয়ম করে অযোধ্যা যাচ্ছেন কাজের অগ্রগতি তদারক করতে।
অযোধ্যার জেলা শাসক নীতীশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্দির তৈরি হয়ে গেলে বছরভর দর্শনার্থীদের ঢল নামবে। বিশেষ উপলক্ষে আসবেন দিনে দুই–তিন লাখ পর্যটক। তাঁদের সুবিধার জন্য যা কিছু আবশ্যক, সব করা হচ্ছে। বিমানবন্দর ছাড়াও ঢেলে সাজানো হচ্ছে রেলস্টেশন, দূরপাল্লার বাসস্টেশন। তৈরি হচ্ছে যাত্রীনিবাস। ইন্টারনেট যোগাযোগব্যবস্থা আন্তর্জাতিক মানের করা হচ্ছে।
রামমন্দির স্থাপন কমিটির চেয়ারম্যান নৃপেণ মিশ্র জানিয়েছেন, মূল মন্দিরের দৈর্ঘ্য হবে ৩৬০ ফুট, প্রস্থ ২৩৫ ফুট। তিনতলা এই মন্দিরের প্রথম তলায় থাকবে ১৬০টি থাম। দোতলায় খিলান থাকবে ১৩২ ও তিনতলায় ৭৪টি। মন্দিরে থাকবে মোট ৫টি মণ্ডপ, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। দরজাগুলো হবে শাল কাঠের। ৯ একর জমি ঘেরা থাকবে উঁচু পাঁচিল দিয়ে। মূল মন্দির তৈরি হচ্ছে ৩ একর জমির ওপর। প্রতিটি দেয়ালে চিত্রিত থাকবে রামায়ণের কাহিনি। মন্দিরের চূড়া থাকবে সোনা দিয়ে মোড়া। পুরো মন্দির তৈরি হচ্ছে পাথর ও মার্বেল দিয়ে। ইট ও ইস্পাত ব্যবহার করা হচ্ছে না।
অথচ নব্বইয়ের দশকে যখন দেশজোড়া রামমন্দির আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তখন দেশ–বিদেশ থেকে ‘জয় শ্রীরাম’ লেখা লাখ লাখ ইট নিয়ে যাওয়া হয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করা হবে বলে।
মন্দির চত্বরে থাকছে পর্যটকদের সুবিধাকেন্দ্র, মিউজিয়াম, গবেষণাকেন্দ্র, প্রেক্ষাগৃহ, ধর্মীয় আচার–অনুষ্ঠান পালনের জন্য নির্দিষ্ট এলাকা এবং গোশালা। এ ছাড়া তৈরি করা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র এবং পুরোহিতদের আবাসস্থল। মন্দিরের ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী। ভোটের বছরে মূর্তি স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠাতেও তিনিই হবেন প্রধান আকর্ষণ।