হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সম্রাট আওরঙ্গজেবের ছবি, ভারতীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবিতে মোগল সম্রাট আওরঙ্গজেবের ছবি ব্যবহারের অভিযোগে ভারতের মুম্বাই শহরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন ভারতের একজন পুলিশ কর্মকর্তা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের ভাসি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানে চাকরি করেন। গ্রেপ্তারের পর তাঁকে একটি নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আওরঙ্গজেবের ছবিসহ ওই হোয়াটসঅ্যাপ প্রোফাইলের একটি স্ক্রিনশট পুলিশের কাছে দেয় হিন্দুত্ববাদী একটি সংস্থা। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারায় এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্ররোচনা দেওয়ার অভিযোগে ১৫৩ ধারায় মামলা করা হয়।

মোগল সম্রাট আওরঙ্গজেব ও দক্ষিণের মহিশূরের শাসক টিপু সুলতানকে ঘিরে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে টিপু সুলতানের ছবির সঙ্গে একটি অডিও বার্তা যুক্ত করে পোস্ট দেওয়ার প্রতিবাদে গত বুধবার রাজ্যর কোলহাপুর শহরে একটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এর আগে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিল বের করতে দেখা গেছে।