জঙ্গি সংশ্লিষ্টতা, আসামে মাদ্রাসা নিয়ন্ত্রণে পদক্ষেপ
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বেসরকারি মাদ্রাসা নিয়ন্ত্রণে গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। গত শনিবার গোয়ালপাড়া জেলার দুটি মসজিদ থেকে দুজন ইমাম এবং গত চার মাসে অন্তত ২৫ জনকে গ্রেপ্তারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিকও আছেন। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে তাঁদের অনেকের যোগাযোগ রয়েছে বলেও মনে করছে পুলিশ। ভারতে এই ধরনের মামলায় বেশ কয়েক বছর জেলে থাকার পরে অধিকাংশ ক্ষেত্রেই বেকসুর খালাস পান অভিযুক্ত ব্যক্তিরা।
গতকাল সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বাইরের রাজ্য থেকে আসা কোনো ব্যক্তি আসামের মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক হতে চাইলে তাঁদের কাগজপত্র এবং অতীত কাজকর্ম খতিয়ে দেখবে পুলিশ। এরপর তাঁদের অনলাইন নথিভুক্তিকরণ হবে। এ জন্য আসাম সরকার একটি পোর্টাল খুলবে, যেখানে অন্য রাজ্যের ইমাম বা শিক্ষকদের নাম–ঠিকানা নথিভুক্ত করতে হবে।
গত শনিবার গোয়ালপাড়া জেলার দুটি মসজিদ থেকে আবদুস সুবহান ও জালালউদ্দিন শেখ নামের দুই ইমামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁদের কাছে আপত্তিকর একাধিক বস্তু পাওয়া গেছে। রোববার তাঁদের আদালতে তোলা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী জানান, ইমাম ও মাদ্রাসাশিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন এখন থেকে বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৬-১৭ সালে এবিটির কিছু জঙ্গি আসামে প্রবেশ করে স্থানীয় যুবকদের মধ্যে কাজ শুরু করেন। তাঁরা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও আসাম পুলিশ, প্রশাসন ছাড়া তৃতীয় কোনো দায়িত্বশীল ও স্বাধীন ভারতীয় বা আন্তর্জাতিক সংস্থা এখনো এই অভিযোগের বাস্তবতা নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ভাস্কর জ্যোতি মোহন্ত ও গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা হীরেন নাথ গতকাল বেসরকারি মাদ্রাসা বোর্ড অল আসাম তনজিম কওমি মাদ্রাসার সচিব মাওলানা আবদুল কাদিরের সঙ্গে বৈঠক করেন। মোহন্ত বলেন, বৈঠকে তনজিম কওমির পক্ষ থেকে তাঁদের হাতে বেসরকারি মাদ্রাসার একটি তালিকা তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে জ্যোতি মোহন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমরা আসামের সব মাদ্রাসার একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করার চেষ্টা করছি। এটি একটি কঠিন কাজ, কারণ এমন অনেক মাদ্রাসা আছে, যারা নথিভুক্ত নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবিরোধী জিহাদি শক্তিকে নিয়ন্ত্রণ করা, যাতে তারা মাদ্রাসাকে ব্যবহার করে মৌলবাদী কাজকর্ম করতে না পারে।’
২০২০ সালে মাদ্রাসা শিক্ষা আইন পরিবর্তন করে রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে পরিণত করে আসাম সরকার। সে সময় আসামের শিক্ষামন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এরপর ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন তিনি। এর এক বছর পরেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই আইনের বৈধতার স্বীকৃতি দেন গুয়াহাটি হাইকোর্ট। মুসলমান সমাজের একটা অংশ ও বিরোধীরা এই আইন এবং রায়ের বিরোধিতা করলেও তাতে কোনো লাভ হয়নি।
ফলে আসামে সরকারি মাদ্রাসা স্তরে ধর্মীয় শিক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আসামে একটি মাদ্রাসা পরিচালন বোর্ডের সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘একদিকে সরকারি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা বন্ধ হলো, আবার অন্যদিকে ব্যক্তিগত অনুদান নিয়ে যে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সরকার এর তালিকা করতে শুরু করল। আমার ব্যক্তিগত মত, ভবিষ্যতে এখানেও ধর্মীয় শিক্ষা দেওয়া বন্ধ হবে। মাদ্রাসায় জঙ্গিবাদ প্রবেশ করেছে, এই অভিযোগে।’