গাজিয়াবাদে চিকিৎসা করাতে গিয়ে ব্যবসায়ী জানতে পারেন, ধীরে ধীরে বিষ দিচ্ছিলেন স্ত্রী

ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অভয় দাগা। এক ভিডিও বিবৃতিতে তিনি রেনু ভাটনগরকে গ্রেপ্তারের খবর জানাচ্ছেনছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের এক ব্যবসায়ী ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বেরিয়ে আসে ভয়ংকর এক তথ্য। তাঁকে কেউ ধীরে ধীরে বিষ প্রয়োগ করছেন।

পরে জানা যায়, ওই ব্যবসায়ীর ৬ কোটি রুপির ট্রাভেল এজেন্সি ব্যবসা ও ২ কোটি রুপির জীবন বীমার অর্থের লোভে তাঁর স্ত্রীই তাঁকে দীর্ঘদিন ধরে বিষ প্রয়োগ করছিলেন।

যে নারীর বিরুদ্ধে স্বামীকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে, তাঁর নাম রেনু ভাটনগর। তিনি শুধু স্বামীকেই নয়, ছেলে ও স্বামীর ভাতিজাকেও বিষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা হওয়ার পর ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানা–পুলিশ।

ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতে শুরু করে যখন ইন্দিরাপুরম থানার আওতাধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাঁর ছেলে ও ভাতিজাও একইভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন।

হঠাৎ করে কেন একসঙ্গে সবাই অসুস্থ হচ্ছেন, এ নিয়ে সুশীলের সন্দেহ হয়। তাই তিনি নিজের স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। পরীক্ষার প্রতিবেদন দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। তাঁর শরীরে সিসার মাত্রা ছিল বিপজ্জনক পর্যায়ে।

ধীরে ধীরে তাঁকে বিষ প্রয়োগ করা হচ্ছে বুঝতে পেরে ২৪ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে তিনি স্ত্রী রেনু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে, তাঁর ছেলে ও ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন।

দুই মাস পর ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানা–পুলিশ। পুলিশ জানায়, রেনু অপরাধের কথা স্বীকার করেছেন। বলেছেন, লোভের বশেই এ কাজ করেছেন তিনি।

জিজ্ঞাসাবাদে রেনু বলেন, ‘আমার স্বামীর ৫ থেকে ৬ কোটি রুপি মূল্যের একটি সফল ট্রাভেল এজেন্সি রয়েছে। এ ছাড়া ২ কোটি রুপির জীবন বীমা আছে, যার একমাত্র নমিনি আমি। আমি বুঝতে পারি, তিনি মারা গেলে সব সম্পত্তির মালিক হব আমি। লোভের বশে তাঁদের খাবারে সিসা মেশাতে শুরু করি। তাঁদের হত্যার লক্ষ্যে এটা করেছিলাম।’