ভারত ও পাকিস্তান সংঘাতে এবার ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। গত বছরের মে মাসের ওই সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যাও এবার বাড়িয়ে বললেন ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের সংঘাতে ১০টি বিমান ভূপাতিত করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার ‘ফক্স বিজনেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে।। আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধ না মেটাও, তবে আমি তোমাদের ওপর শুল্ক চাপিয়ে দেব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল।’
ফক্স বিজনেসের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছিল। শুল্কের ভয় না থাকলে এটা সম্ভব হতো না।’
গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন।
১০ মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট অসংখ্যবার দাবি করেছেন, ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল, তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি।
শুরুতে ট্রাম্প ভারত–পাকিস্তান সংঘাতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বর মাসে আটটি বলে দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প আর্মেনিয়া ও আজারবাইজানের কয়েক দশকের পুরোনো সংঘাতের কথাও স্মরণ করেন, যেখানে ২০২৫ সালের আগস্টে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর উত্তেজনা কমেছিল।
সাক্ষাৎকারে ট্রাম্প গত ৫০ বছরের ‘প্রত্যেক’ মার্কিন প্রেসিডেন্টকে বাণিজ্যের ক্ষেত্রে ‘অদক্ষ’ বলে আখ্যায়িত করেন। তিনি দম্ভ করে বলেন, ‘তবে আমি বাণিজ্যে খারাপ নই। আমি বাণিজ্যে অনেক দক্ষ।’
ভারত–পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের এই বক্তব্যের পর কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ওয়াশিংটনের ভালো বন্ধু সেঞ্চুরির পথে, কিন্তু প্রধানমন্ত্রী নীরব।
সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে ভারত।
গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে সে দেশে হামলা চালিয়ে বসে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান।