অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই অপরাধীর কারাদণ্ড স্থগিত হওয়ার খবর জানাজানির পর সপরিবার গুজরাট ছেড়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু। বিলকিসের আত্মীয়স্বজন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছেন একতরফাভাবে। ভয় ও নিরাপত্তাহীনতায় ভোগা বিলকিস ও তাঁর পরিবার রায় জানার পর এই মাসের গোড়ায় রাজ্য ছেড়ে অন্যত্র চলে গেছেন।
২০০২ সালের ৩ মার্চ গুজরাটে দাঙ্গা চলাকালে ১৯ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় তাঁর ৩ বছর বয়সী শিশুকন্যা সালেহাসহ পরিবারের ৭ সদস্যকে হত্যা করা হয়।
২০০৮ সালে মুম্বাইয়ের বিশেষ আদালত ওই মামলায় ধৃত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা চলাকালে একজনের মৃত্যু হয়। ২০১৭ সালে বম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।
২০২২ সালের আগস্টে গুজরাটের হিন্দুত্ববাদী বিজেপি সরকার অপরাধীদের সাজা মওকুফ করে ১১ জনকেই মুক্তি দিয়েছিল। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের বীরের সম্মান দিয়ে মালা পরিয়ে বরণ করে নিয়েছিল বিজেপি ও তাদের অনুসারী হিন্দুত্ববাদী জনতা। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট সাজা মওকুফের সেই নির্দেশ খারিজ করে দেন। দুই সপ্তাহের মধ্যে তাঁদের জেলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
বিলকিসের কাকা রাজ্জাক মানসুরি বার্তা সংস্থা পিটিআইকে এই কথা জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের ওই রায় তাঁদের কাছে এক বিরাট ধাক্কা। কারণ, সুপ্রিম কোর্টের ওই রায়ের কথা বিলকিসদের কেউ জানাননি। এমনকি বিলকিসের আইনজীবীরও তা অজানা ছিল। রায়ের কথা তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জেনেছেন। তারপরই ভীতসন্ত্রস্ত বিলকিস ও তাঁর পরিবার গ্রাম ছেড়ে গুজরাট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বিলকিস ও তাঁর পরিবার গুজরাটের দাহোদ জেলার বাসিন্দা। রাজ্য ছেড়ে তাঁরা কোথায় চলে গেছেন, তাঁর কাকা সে কথা বলেননি। তিনি বলেন, অপরাধীরা প্যারোলে মুক্তি পেয়ে নির্ভয়ে গ্রামে ঘুরে বেড়ান। একজন অপরাধী এক মাস ধরে প্যারোলে মুক্ত রয়েছেন। বিলকিসের পরিবার ভয়ে ভয়ে থাকেন।
নভেম্বর মাসের শুরুর দিকে এই রায়ের খবর জানাজানি হওয়ার পর বিলকিসের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর আগে জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁরা ঘুরে-ফিরে থাকতেন। এবার রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিলকিস বানুর আইনজীবী শোভা গুপ্তা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে তাঁরা আইন অনুযায়ী আপিল করবেন। ২৮ অক্টোবর দেওয়া রায়ের কপি তাঁরা এখনো হাতে পাননি জানিয়ে তিনি বলেন, ‘তা পেলে আমরা বুঝতে পারবে কীভাবে ওই রায় আদায় করা হয়েছে। কীভাবে কত তথ্য গোপন রেখে আদালতকে ওঁরা ভুল বুঝিয়ে রায় আদায় করেছেন। তার পর আমরা ওই রায় বাতিলের আবেদন জানাব।’
গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট বিলকিস মামলার দুই অপরাধী বিপিনচাঁদ যোশি ও প্রদীপ মোধিয়াকে জামিন দেন। দুজনেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। কারাদণ্ড ভোগও করছিলেন।
আসামিদের আবেদনের ভিত্তিতে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট জানান, দুজনেই ইতিমধ্যেই ১৭ বছর সাজা ভোগ করেছেন। তাঁদের রায়ে তাঁরা বেশ কিছু তথ্যগত অসংগতির কথা উল্লেখ করেছেন। সেসব খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই আপাতত তাঁদের সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি পি বি বড়ালের বেঞ্চের দেওয়া গত ২৮ অক্টোবরের ওই রায় গত সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হয়।
তারপরেই সুপ্রিম কোর্টের ওই নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিলকিস। গত মঙ্গলবার আইনজীবী শোভা গুপ্তার মাধ্যমে তিনি একটি বিবৃতি দেন। সেই বিবৃতিতে বিলকিস বলেন, ওই রায় তাঁর কাছে গোপন করা হয়েছে। তাঁকে না জানিয়ে এ নিয়ে দ্বিতীয়বার এমন নির্দেশ দেওয়া হলো। ওই রায়ের আগে তাঁকে তাঁর পক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।
বিবৃতিতে নিজের দীর্ঘ আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে বিলকিস বলেছেন, ‘আমি এক আদালত থেকে অন্য আদালতে ঘুরেছি। যখনই ন্যায়বিচার পেয়েছি, বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ হয়েছি। প্রতিবারই ন্যায়বিচারের ওপর আস্থা ও বিশ্বাস নতুন করে ফিরে এসেছে।’
বিবৃতিতে বিলকিস বলেছেন, ‘কিন্তু আবার আমি আস্থা হারিয়ে ফেলার ভয় পাচ্ছি এই ভেবে, সুপ্রিম কোর্ট কীভাবে আমাকে না জানিয়ে এই অপরাধীদের সাজা স্থগিত করলেন? কেন আমাকে জানানো হলো না? যে আদালতে আমার কথা শোনা হয়েছে, সেখানে আমি যাতে আমার বক্তব্য আবার জানাতে পারি, কেন তা নিশ্চিত করা হলো না?
সাজা স্থগিত করা দুই অপরাধীর আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতের কাছে দাবি জানিয়েছিলেন, তাঁর ওই দুই মক্কেলের মধ্যে একজনের নাম শুরুতে কোনো এফআইআরে ছিল না। ঘটনার তিন বছর পর তাঁকে ওই মামলায় জড়ানো হয়। অন্যজন গুরুতর প্রতিবন্ধী। তা ছাড়া তাঁরা ১৭ বছর ধরে কারাভোগ করেছেন। সুপ্রিম কোর্ট সেই আবেদনেই সাড়া দিয়ে সাজা স্থগিতের নির্দেশ দেন ও তাঁদের জামিন দেওয়া হয়।