বিধানসভা নির্বাচন: কংগ্রেসের বিপর্যয় মিজোরামেও 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস

বিধানসভা নির্বাচনে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ধরাশায়ী হওয়ার পর উত্তর-পূর্ব ভারতের মিজোরামেও প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে কংগ্রেস। অবশ্য উত্তর-পূর্বের এ রাজ্যে কংগ্রেসের জয়ের সম্ভাবনা ছিল না। তবে আসন বাড়ানোর যে সুযোগ ছিল, সেটা হয়নি। উল্টো গতবারের চেয়ে দলটির তিনটি আসন কমেছে।

গতকাল সোমবার ঘোষিত ফল অনুযায়ী, মিজোরামের ৪০ সদস্যের বিধানসভায় ২৭টি আসন পেয়ে সাবেক সংসদ সদস্য লালদুহমার দল জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রথমবারের জন্য সরকার গঠন করতে চলেছে। তারা হারিয়েছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্টকে।

বিজেপি সরকারের নীতির বিরোধিতা করেছে। এ জন্য মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের জনপ্রিয়তা রয়েছে।

কংগ্রেস ২০১৮ সালের চেয়ে ৩টি আসন কম পেয়েছে। ভারতের বিরোধী জোটের নেতৃত্বে থাকা দলটি পেয়েছে মাত্র একটি আসন। কংগ্রেস ২০১৮ সালে পেয়েছিল ৪টি আসন। অন্যদিকে, এ রাজ্যে বিজেপির আসন এক থেকে বেড়ে হয়েছে দুইটি।

জেপিএম ছয়টি স্থানীয় দল ও নাগরিক সংগঠন নিয়ে গঠিত একটি দল। সেগুলো হলো মিজোরাম পিপলস কনফারেন্স, জোরাম ন্যাশনালিস্ট পার্টি, জোরাম এক্সোডাস মুভমেন্ট, জোরাম বিকেন্দ্রীকরণ ফ্রন্ট, জোরাম রিফরমেশন ফ্রন্ট ও মিজোরাম পিপলস পার্টি। এদের একই মঞ্চে এনে ২০১৭ সালে জেপিএম গঠন করেন সাবেক পুলিশ কর্মকর্তা লালদুহমা।

আরও পড়ুন

সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট নানা ক্ষেত্রে বিশেষ করে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার থেকে ভারতে শরণার্থী প্রবেশের বিষয়ে বিজেপি সরকারের নীতির বিরোধিতা করেছে। এ জন্য মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের জনপ্রিয়তা রয়েছে।

তবে অর্থনৈতিক চাপের কারণে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে (এনডিএ) যোগ দিতে হয়েছিল। অনেকটা সে কারণেই তাঁর দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। মিজোরামে এখনো বিজেপির তেমন জনপ্রিয়তা নেই। যদিও এবার দলটির আসন একটি বেড়েছে।

মণিপুরে বন্দুকযুদ্ধ নিহত ১৩

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গতকাল দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তাৎক্ষণিক সশস্ত্র গোষ্ঠী দুটির পরিচয় জানা যায়নি। সীমান্তবর্তী রাজ্যটিতে সাত মাস ধরে চলা জাতিগত সংঘাতে কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছেন।