রাহুলের পর আরেক সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল আনসারি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপহরণ ও হত্যার দায়ে ভারতের উত্তর প্রদেশের গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই তাঁর ভাই বহুজন সমাজ পার্টির সংসদ সদস্য আফজাল আনসারিও একই মামলায় দোষী সাব্যস্ত হন। গ্যাংস্টার অ্যাক্ট আইনে ২০০৭ সালে করা এ মামলায় এমপিএমএলএ আদালত তাঁদের এ দণ্ড দেন।

এমপিএমএলএ আদালত কারাদণ্ডের পাশাপাশি মুখতার আনসারিকে পাঁচ লাখ ও আফজাল আনসারিকে এক লাখ রুপি জরিমানাও করা হয়।

বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের হত্যার সঙ্গে সম্পর্কিত একটি অপহরণ ও হত্যা মামলায় এই দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছিল।

আদালতের আদেশের ফলে আফজাল আনসারিকে লোকসভার সদস্যপদ হারাতে হবে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী কোনো সদস্য দুই বছর বা এর বেশি সময়ের জন্য দণ্ডিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি এই আইনের অধীনে তাঁর লোকসভার সদস্যপদ হারান।

আজ সকালের দিকে প্রয়াত বিজেপি বিধায়ক কৃষ্ণনন্দ রাই-এর স্ত্রী অলকা রাই বলেন, বিচারব্যবস্থার ওপর আমার বিশ্বাস আছে। এই রাজ্যে গুন্ডা ও মাফিয়াদের দৌরাত্ম্য শেষ।

গত ২৩ মার্চ মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দেন আদালত। এর পরের দিনই রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। ছেড়ে দিয়েছেন ১২ তুঘলক লেনের সরকারি বাংলো।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি আরও বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়। সব চোরের পদবি কীভাবে ‘মোদি’ হয়।’