পশ্চিমবঙ্গের রাজভবনে দুর্নীতি দমন সেল, ক্ষুব্ধ তৃণমূল
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যে দুর্নীতি রোধে তাঁর দপ্তর রাজভবনে চালু করেছেন দুর্নীতি দমন সেল। গতকাল মঙ্গলবার থেকে চালু হয়েছে। মূলত রাজ্যের শিক্ষা দপ্তরের নানা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতেই হলো এই সেল। এসব দুর্নীতিতে উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম। তাই রাজ্যপালের এই সেল গঠনে নাখোশ তৃণমূল। আর এর ফলে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত শুরু হলো নতুন করে।
রাজ্যপালের এই সেলে ২৪ ঘণ্টা কাজ করছেন ৮ জন কর্মী। শিক্ষা থেকে বিভিন্ন দপ্তরের দুর্নীতর নানা অভিযোগসংবলিত অভিযোগ গ্রহণ করা হচ্ছে। আর তা রাজ্যপাল পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট দপ্তরে। এর আগে এই রাজ্যপাল তাঁর দপ্তরে চালু করেছেন ‘পিস রুম’। শান্তির আবেদনের দপ্তর।
গতকাল সেল চালু করে রাজ্যপাল বলেছেন, এই সেলে দুর্নীতির অভিযোগ জানান। আর এ অভিযোগ নিয়ে রাজভবন তার লক্ষণরেখার মধ্যে কাজ চালিয়ে যাবে।
রাজ্যপাল এ কথাও বলেছেন, গত ২৬ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে দুর্নীতির বিরুদ্ধে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকের আলোয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস দুর্নীতি দমন সেল গঠন করেছেন। মমতা কোচবিহারে বলেছিলেন, ‘কাউকে টাকা দেবেন না। আমরা চুরি বরদাস্ত করব না।’
যদিও এই দুর্নীতি সেল গঠন করে রাজ্যপাল বলেছেন, ‘দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেই কাজ করছি।’ তিনি এ কথাও বলেছেন, অভিযোগকারীর নাম প্রয়োজনে গোপন রাখা হবে। বন্ধুহীনদের বন্ধু হওয়ার চেষ্টা করছে রাজভবন। যাদের কণ্ঠ রুদ্ধ রয়েছে, তাদের কণ্ঠস্বর ফোটানোর চেস্টা করছে রাজভবন।
এই সেল গঠনের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, রাজ্যের শিক্ষা দপ্তরকে কুক্ষিগত করার জন্য এ উদ্যোগ রাজভবনের। আর তৃণমূল বলেছে, এটা রাজ্যপালের সমান্তরাল এক প্রশাসন চালোনোর চেষ্টা।
এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে।
আর বিজেপির নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল তো সংবিধানকেই মর্যাদা দিচ্ছে না। গণতন্ত্র হরণ করছে। মানুষ এবার সজাগ হচ্ছে। আরও হবে।