নিয়োগ দুর্নীতি মামলায় মমতার ভাতিজা অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি: প্রথম আলো

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে আগামী ১৩ জুন সিজিএ কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরে তলব করা হয়। সেখানে তাঁকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো ইডির নোটিশে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে কুন্তলের চিঠিসহ অন্যান্য বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাই ১৩ জুন বেলা সাড়ে ১১টায় তাঁকে ইডির দপ্তরে হাজির হতে হবে।

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল। কুন্তল ঘোষকে দফায় দফায় জেরাও করে ইডি এবং সিবিআই। জেরার পর কুন্তল অভিযোগ করেন, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ানোর জন্য তাঁকে চাপ দিচ্ছিল।

জানা যায়, এ নিয়ে কুন্তল ঘোষ চিঠিও দেন। এরপর চিঠির বিষয়টি হাইকোর্টে ওঠে। তখনই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশে জানিয়ে দেন, ইডি ও সিবিআই কুন্তল ঘোষসহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে।

সেই মামলার জেরে এবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে নোটিশ পাঠিয়েছে। অভিষেক এখন ‘নবজোয়ার যাত্রা’য় অংশ নিয়ে নদীয়ায় অবস্থান করছেন।