বিজেপি নেতার দলবদল, সঙ্গে ১২ শ গাড়ির বহর
মধ্যপ্রদেশে দলত্যাগের সঙ্গে গাড়িবহরের কি কোনো যোগসূত্র থাকতে পারে? অদ্ভুত এই প্রশ্ন উঠেছে ওই রাজ্যে বিজেপির ঘর আরও একবার ভাঙার সঙ্গে সঙ্গে। বিজেপিশাসিত এই রাজ্যে বিধানসভার ভোটের আগে গতকাল শুক্রবার আরও এক বিজেপি বিধায়ক দলত্যাগ করে কংগ্রেস যোগ দিলেন। গত তিন মাসে এই নিয়ে তিনজন বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন।
গতকাল শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক সমন্দর প্যাটেল। কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপিতে তাঁর দম বন্ধ হয়ে আসছিল। বিজেপির পুরোনো নেতারা তাঁদের দাবিয়ে রেখেছিলেন। কিছুই করা যাচ্ছিল না।
চমক অবশ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনে নয়, চমক গাড়িবহরে! যে তিন বিধায়ক বিজেপি ছাড়লেন, তাঁরা সবাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী। ২০২০ সালে কংগ্রেসের ওই সাবেক নেতা ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথ সরকারের পতন ঘটিয়েছিলেন।
সমন্দর প্যাটেল রাজস্থান সীমান্তবর্তী নিমচ জেলার জাওদ কেন্দ্রের বিধায়ক। অনগ্রসর শ্রেণিভুক্ত এই নেতা ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে ভোপালে এসে কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন এবং তা করতে গিয়ে তিনি ভেঙে দিলেন পূর্ববর্তী দুই বিধায়কের গাড়িবহরের রেকর্ড।
সিন্ধিয়া অনুগামী বিধায়ক রাকেশ কুমার গুপ্ত গত জুন মাসের ১৪ তারিখে কংগ্রেসে ফিরে এসেছিলেন ৪০০ গাড়িবোঝাই অনুগামী নিয়ে। সেই মাসের ২৬ তারিখে দ্বিতীয় বিধায়ক বৈজনাথ সিং যাদবের গাড়িবহরের সংখ্যা ছিল ৭০০। গতকাল শুক্রবার সমন্দর প্যাটেলের অনুগামীরা ১ হাজার ২০০ গাড়ি হাঁকিয়ে ভোপালে আসেন।
কংগ্রেসে যোগ দিয়ে এই প্রভাবশালী বিধায়ক বলেন, সিন্ধিয়ার সঙ্গে দলত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর ক্রমেই বুঝতে পারেন দলে তাঁরা বহিরাগত। আদি বিজেপির নেতারা তাঁদের কিছুই করতে দিতেন না। কোনো অনুষ্ঠানে যোগ দিতে ডাকা হতো না। সম্মান পেতেন না। ক্ষমতাও নয়। শুধু তা–ই নয়, তাঁদের বিরুদ্ধে ভুয়া অভিযোগে বহু এফআইআরও দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এই বছরের শেষে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের মতো মধ্যপ্রদেশ বিধানসভারও ভোট। তার আগে এই ধরনের দলত্যাগ বোঝাচ্ছে শাসক বিজেপির অভ্যন্তরে সবকিছু ঠিক নেই। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত সংক্ষিপ্ত সময়টুকু বাদ দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে ২০০৩ সাল থেকে। ২০০৫ সাল থেকে রাজ্য শাসন করছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার তিনি পড়েছেন প্রবল চ্যালেঞ্জের মুখে। দীর্ঘ সময় ক্ষমতাসীন থাকার কারণে স্বাভাবিক ক্ষোভ ছাড়াও তাঁর বিরুদ্ধে উঠে গিয়েছে দুর্নীতির মারাত্মক সব অভিযোগ। সেই সঙ্গে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিবাদ। আদি বিজেপি–নব্য বিজেপি লড়াই। সামাজিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলাজনিত সমস্যা। বিভিন্ন সমীক্ষার প্রতিবেদনও সন্তোষজনক নয়। এই কারণে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই দিন আগে দীর্ঘ বৈঠকে বসেছিলেন রণনীতি চূড়ান্ত করতে।
মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রচারের ভার প্রধানত তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ইতিমধ্যেই তিনি একাধিকবার রাজ্য সফর করেছেন। নিয়মিত জনসভা করছেন। সফর শুরু করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। সিন্ধিয়ার দলত্যাগের পর কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বও এই মুহূর্তে নেই বললেই চলে। জিতলে কমলনাথই হবেন মুখ্যমন্ত্রী। যদিও সেই আগাম ঘোষণা করা হয়নি।
বিজেপির হাত থেকে মধ্যপ্রদেশ ছিনিয়ে নিতে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার দুর্নীতি। কর্ণাটক যেভাবে জয় হয়েছে, সেই এক ফর্মুলার প্রয়োগ মধ্যপ্রদেশেও করছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিটি জনসভা ভিড়ে উপচে পড়ছে। সর্বত্র তিনি তুলে ধরছেন শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে গুরুতর সব দুর্নীতির অভিযোগ। কর্ণাটকে কংগ্রেসের স্লোগান ছিল, ‘৪০ পার্সেন্ট কমিশনের সরকার’, মধ্যপ্রদেশের স্লোগান, ‘৫০ পার্সেন্ট কমিশনের সরকার।’
ঘুষসংক্রান্ত ওই দুর্নীতির অভিযোগের সমর্থনে প্রিয়াঙ্কা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকাদার সংস্থার লেখা একটি চিঠি তুলে দিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে ঠিকাদারেরা সরকারের বিরুদ্ধে প্রকল্প বরাদ্দের ৫০ শতাংশ কমিশন চাওয়ার অভিযোগ এনেছেন। প্রদেশ কংগ্রেস নেতা কমলনাথ ও অরুণ যাদব ওই চিঠি নিয়ে প্রচার শুরু করেছেন। বিজেপি ওই অভিযোগ ভুয়া ও অসত্য দাবি করার পাশাপাশি রাজ্যের ৪১টি থানা এলাকায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে। প্রিয়াঙ্কা বলেছেন, তিনি ভীত নন। সত্য উদ্ঘাটনের দাবি করেই যাবেন।