হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী
ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে জিততে বিজেপি নেতৃত্ব হিন্দুত্ববাদেই ফিরে যাচ্ছেন। বিধানসভা ভোটে জেতার কৌশল ঠিক করতে মথুরায় দুদিনের ‘চিন্তন বৈঠক’–এ তাঁরা তাঁদের নির্বাচনী স্লোগানও খুঁজে পেয়েছেন।
রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নিজেই সেই স্লোগান দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করেছেন। ‘রাধে রাধে, কমল খিলা দে’ এবং ‘রাধে রাধে, হ্যাটট্রিক করা দে’ স্লোগান সেই অর্থে রাধাকৃষ্ণের কাছে এক প্রবল আর্তি। এর অর্থ, ‘হে রাধে, রাজ্যে আরেকবার পদ্মফুল বিকশিত হোক, বিজেপি জয়ের হ্যাটট্রিক করুক’।
এই স্লোগানের মধ্য দিয়ে স্পষ্ট, তৃতীয়বার বিধানসভা ভোটে জিততে বিজেপি কট্টর হিন্দুত্ববাদকেই আঁকড়ে ধরছে। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মঙ্গলবার মথুরায় দাঁড়িয়ে জানিয়েও দিয়েছেন, ‘অযোধ্যা পুরোপুরি আমাদের হয়ে গেছে, এবার মথুরাকে নিতে হবে। অযোধ্যার মতো মথুরাতেও গড়ে তোলা হবে কৃষ্ণজন্মভূমির জমকালো মন্দির।’
মথুরায় দুদিনের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল মঙ্গলবার দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের জাতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও বৈঠক করেন। দলীয় কৌশল নিয়ে কথা ছাড়াও সেই বৈঠকে শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। উভয় ক্ষেত্রেই ঠিক হয়েছে, ভোটের প্রচারে অযোধ্যার মতো মথুরাতেও—শ্রীকৃষ্ণের জন্মস্থান—মন্দির নির্মাণের প্রসঙ্গ বড় করে তুলতে হবে।
এবারের ভোটেও হিন্দুত্বের ধ্বজা ওড়ানোর কৌশল বিজেপি নিয়েছে আরও এক কারণে। উত্তর প্রদেশের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর দেখা গেছে, যে ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম প্রাথমিকভাবে কাটা গেছে, অথবা যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁদের মধ্যে ১ কোটি ২৭ লাখ ভোটার হিন্দু।
হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছুদিন ধরেই এ নিয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। হিন্দু ভোটারদের এই হারে নাম বাদ দেওয়ার বিপরীতে দেখা যাচ্ছে, মুসলিম ভোটার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। ফলে অন্তত ৫৮টি আসনে ফলের হেরফের ঘটতে পারে বলে বিজেপির রাজ্য নেতৃত্বের আশঙ্কা।
এই ফারাক ঘোচাতে সাংগঠনিক স্তরে বিজেপি বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে। বলা হয়েছে, বুথে বুথে এমনভাবে হিন্দু ভোটারদের নাম তুলতে হবে, যাতে ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই বৈষম্য দূর হয়ে যায়। বুথপ্রতি ২০০ হিন্দু ভোটারের নাম তোলার টার্গেটও ঠিক করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি বা অভিযোগ কিংবা বক্তব্য অবশ্য উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়ে দিয়েছেন, তাঁদের কাছে ভোটারদের যে তথ্য তালিকা আছে, তা থেকে কারও ধর্ম বা জাত বোঝা সম্ভব নয়।
নভদীপ বলেন, কমিশনের কাছে ভোটারদের তথ্যভান্ডারে শুধু নাম, আত্মীয়ের নাম, বয়স, জন্মতারিখ, বাড়ির নম্বর ও লিঙ্গের উল্লেখ থাকে। ফলে ওই তালিকা ঘেঁটে কারও জাত বা ধর্মপরিচয় জানা সম্ভব নয়।
একই সঙ্গে নির্বাচন কর্মকর্তা বলেছেন, বাজারে এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে, যেগুলো নাম দেখে বলে দিতে পারে ব্যক্তি হিন্দু, মুসলিম নাকি খ্রিষ্টান। তিনি জানিয়েছেন, ভোটার তালিকায় এখনো আড়াই কোটির বেশি প্রাপ্তবয়স্কের নাম ওঠেনি। এক মাস ধরে তাই নাম তোলার সুযোগ সবার জন্যই থাকছে।
মথুরার চিন্তন শিবির ও দিল্লির বৈঠকে ঠিক হয়েছে, মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানে মন্দির তৈরির অঙ্গীকারের পাশাপাশি আরও কিছু বিষয়ের ওপর প্রচারে জোর দিতে হবে। যেমন অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। টানা ১০ বছর ক্ষমতায় থাকার পরও উত্তর প্রদেশে যোগী সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে পারেনি। অথচ উত্তরাখন্ডের মতো রাজ্যে তা করা হয়েছে। বিষয়টির ওপর এবার জোর দিতে হবে।
পাশাপাশি বলা হবে, তৃতীয়বার ক্ষমতায় এলে অবৈধভাবে চলা সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। যারা জেহাদি মতবাদে বিশ্বাসী এবং দেশবিরোধী কাজকর্মে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এসব প্রতিশ্রুতির পাশাপাশি অন্য দুটি বিষয়ের ওপরও বিজেপি নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। দুটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর ‘সাফল্যের নজির’। একটি হলো আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি, অন্যটি উন্নয়ন। দুটি ক্ষেত্রেই বিজেপি ইতিবাচক সাফল্যের তুলনা করে প্রচারে যাবে।
প্রচারে বলা হবে, উত্তর প্রদেশে আজকের মতো নারী নিরাপত্তা অতীতে কখনো ছিল না। গুন্ডামি, মাস্তানি, মাফিয়াগিরি পুরোপুরি বন্ধ করা হয়েছে। মানুষজন নির্ভয়ে চলাফেরা করতে পারছে, আইনশৃঙ্খলার উন্নতির জন্য ব্যবসা–বাণিজ্যেও বিকাশ দেখা যাচ্ছে। রাজ্যে অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে ও হচ্ছে, এ নিয়েও ইতিবাচক প্রচার এখন থেকেই শুরু করা হবে।
চিন্তন বৈঠকে বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, মূলত তিনটি আঙ্গিকে প্রচার চালানো হবে। প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতির ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ানো, যা কিনা মানুষকে জীবন, সম্পত্তি ও কাজের নিরাপত্তা দিয়েছে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি হয়েছে বলেই ব্যবসা–বাণিজ্য ও শিল্পে রাজ্যের অগ্রগতি হচ্ছে উল্লেখযোগ্যভাবে। তৃতীয়ত, সাংস্কৃতিক পরিচয় ও রাষ্ট্রবাদ। এই তৃতীয় বিষয়ই হিন্দুত্ববাদ আর সেখানেই প্রবলভাবে উঠে আসবে মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থান তৈরির প্রসঙ্গ।
সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ সিং যাদব আজ বুধবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী আসন গোরক্ষপুর থেকে এক রোড শো করেন। ২০ কিলোমিটার এই রোড শোর আনুষ্ঠানিক নাম ‘পিডিএ রথযাত্রা’। অখিলেশ প্রধানত যে তিন শ্রেণির সমর্থনের ওপর নির্ভর করে এবারের ভোটে বিজেপির মোকাবিলা করতে চাইছেন, তাঁদের মধ্যে ‘পি’ মানে পিছড়ে; অর্থাৎ যাঁরা সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর অংশ। ‘ডি’ অর্থ দলিত। ‘এ’ হলো অল্পসংখ্যক; অর্থাৎ সংখ্যালঘু মুসলমান।
কংগ্রেসের সঙ্গে সমাজবাদীদের জোট হলে তাদের টার্গেট গ্রুপে ব্রাহ্মণরা চলে আসবে। বিজেপির মতো সমাজবাদী পার্টিও এখন পর্যন্ত শরিকদের সঙ্গে আসন সমঝোতার বৈঠক করতে পারেনি। বিজেপির নেতারা ইতিমধ্যেই অখিলেশকে মথুরার মন্দিরের জন্য করসেবায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বলছেন, অখিলেশ যদি সত্যি সত্যিই কৃষ্ণভক্ত হন, তাহলে মন্দির তৈরির করসেবায় হাত বাড়ান। বিজেপি এটা বলছে অখিলেশের যাদব ভোটব্যাংকে ঘা মারতে। শ্রীকৃষ্ণ যাদববংশীয়।