মোদির জন্মদিনে ভারতজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি বিজেপির, কংগ্রেসের সমালোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ধারাবাহিক সাফল্য কামনা করে বৃহস্পতিবার দেশবাসীকে নিজ নিজ ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন নবীন। এর কঠোর সমালোচনা করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নেতা।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিজেপি আগেই ‘আশীর্বাদ কা দিয়া’ (আশীর্বাদের প্রদীপ) নামে এক কর্মসূচি ঘোষণা করেছিল।

সেই কর্মসূচির অংশ হিসেবে এক ভিডিও বার্তায় নবীন ইতিমধ্যে সন্ধ্যা ছয়টা থেকে সকাল সাতটার মধ্যে একটি প্রদীপ জ্বালানোর অনুরোধ দেশবাসীকে করেছেন। ২০১৪ সাল থেকে মোদির নেতৃত্বে ভারতের রূপান্তরমূলক পরিবর্তনের উল্লেখ করে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার সংকল্প নিয়ে ভারত দ্রুত এগিয়ে চলেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজেপি এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে সফল কর্মজীবনকেও চিহ্নিত করা হবে।

মোদি সরকারের এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো গণসংযোগ বাড়ানো, জনকল্যাণমূলক কাজের বিস্তার ঘটানো এবং যুবসমাজকে যুক্ত করা। বিশেষ করে সংকটজনক পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে মহামারি, নকশালবাদ ও সন্ত্রাসবাদ দমনসহ নারী ও যুবদের কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন নবীন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপনে তাঁর নির্বাচনী কেন্দ্র উত্তর প্রদেশের বারানসিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শীর্ষ নেতারা বৃহস্পতিবার উপস্থিত থাকছেন। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গুজরাটে বাইক র‌্যালির মাধ্যমে উদ্‌যাপনে অংশ নেবেন বিহারের লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান এবং আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল। তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই বৈঠকে উপস্থিত থাকছেন না বলে তাঁর কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

প্রদীপ জ্বালানোর সমালোচনা ঝাড়খন্ড কংগ্রেসের

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির এই প্রদীপ জ্বালানোর কর্মসূচির কঠোর সমালোচনা করেছে কংগ্রেস। ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার দুবে অভিযোগ করেন, সাধারণ মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই এই প্রদীপ জ্বালানোর কৌশল নেওয়া হয়েছে। বিহারের ভয়াবহ বন্যার কথা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে রান্নাঘরের তেলের তীব্র সংকট এবং মানুষ জীবন বাঁচানোর জন্য লড়ছে, সেখানে প্রদীপ জ্বালিয়ে তেল নষ্ট না করে তা দিয়ে পরিবারের আহার সংস্থান করাই সাধারণ মানুষের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ছিল।