মিয়ানমারে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতে উদ্বেগ বাড়ছে মিজোরামে

ভারতের মিজোরাম রাজ্যের চাম্পাই জেলার জোখাওথার এলাকায় মিয়ানমার তেকে পালিয়ে আসা নাগরিকেরা আশ্রয় নিয়েছেন। ১৬ নভেম্বরছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সামরিক জান্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ও গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব বাড়ছে উত্তর-পূর্ব ভারতে। কারণ, মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে অন্যদের লড়াইয়ের জেরে সাধারণ মানুষ ও সেনাবাহিনীর অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের জঙ্গলে আশ্রয় নিচ্ছেন। সেখান থেকে তাঁদের মণিপুরে এনে ফেরত পাঠাতে হচ্ছে ভারতকে।

মণিপুরে অস্থিতিশীল অবস্থার কারণে মিয়ানমারে সংঘাতের বিষয়টি আরও জটিল হয়ে উঠছে বলে মিজোরাম সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে মিজোরামের ওই কর্মকর্তা বলেন, বিষয়টি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। রাজ্যের তরফে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি নিয়মিত জানানো হচ্ছে। নিরাপত্তার পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করতে নিয়মিতভাবে বলা হচ্ছে। কারণ, শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, শত শত সাধারণ মানুষ রাজ্যে অনুপ্রবেশ করছেন। এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে খুব ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা মনে করছেন।

রাজ্যের এই কর্মকর্তার এ বক্তব্যের কারণ, গত মঙ্গলবার আবার মিয়ানমারের ৩০ সেনাসদস্য আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মিয়ানমারঘেঁষা দক্ষিণ মিজোরামের সিয়াহা জেলায় ওই সেনাসদস্যরা বন্দুক-গুলিসহ আত্মসমর্পণ করেন। গতকাল বুধবার তাঁদের ১৫ জন করে দুটি দলে ভাগ করে মণিপুর ও মিয়ানমারের সীমান্তবর্তী শহর মোরেতে নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মোরে থেকে ৩০ জনকে মিয়ানমারের সীমান্তবর্তী শহর তামুতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এ নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর মোট ১০৪ সদস্যকে ফেরত পাঠাল ভারত। প্রথম দফায় ১৩ নভেম্বর মিয়ানমারের ৪৫ সেনাসদস্য মিজোরামে আসেন। এরপর ১৬ নভেম্বর আসেন ২৯ সেনাসদস্য।

মিয়ানমারের সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের অনুপ্রবেশ চলছে বলে ওই কর্মকর্তা জানান।

মিজোরামের ওই কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন, তাঁদের প্রত্যেকেই আত্মসমর্পণ করছেন বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু সাধারণ মানুষ যাঁরা আসছেন, তাঁদের অনেকেই পরিচয় গোপন করছেন বলে আমরা মনে করছি। সেটাই স্বাভাবিক। কারণ, সাধারণভাবে অন্য দেশ থেকে আসা মানুষ প্রশাসনকে এড়িয়ে চলাই পছন্দ করেন। আর মিজোরামে ঢুকে তাঁদের পক্ষে কারও বাসায় আশ্রয় নেওয়া খুব মুশকিলের নয়। কারণ, মিয়ানমারের চিন প্রদেশের অনেকেরই মিজোরামে আত্মীয়স্বজন রয়েছে।’

ওই কর্মকর্তা বলছেন, ‘এখন চিন প্রদেশে লড়াই চলছে। ফলে মানুষ মিজোরামে ঢুকছেন। এটা আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ তাহলে মিজোরামের মানুষ সরকারের পদক্ষেপের বিরোধিতা করবেন। তাঁরা অতীতে সীমান্ত বন্ধ করার বিরোধিতা করেছেন। যাঁরা আসছেন, তাঁদের সঙ্গে মিজোরামের বাসিন্দাদের জাতিগত সম্পর্ক রয়েছে। এ অবস্থায় আমাদের কী নীতি হওয়া উচিত, তা এখনো স্পষ্ট নয়।’

ভারতের সংবাদ সংস্থা ইউএনআইয়ের এক খবরে বলা হয়েছে, চিন প্রদেশে গত সোমবার লড়াইয়ের পড়ে ৩৬৯ জন সাধারণ মানুষ দক্ষিণ মিজোরামের একাধিক স্থানে আশ্রয় নিয়েছেন। অন্তত ৯টি গ্রামে তাঁরা আশ্রয় নিয়েছেন।

মিজোরামের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব লালথিয়ামসাঙ্গা সাইলো টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে বলেন, মিয়ানমারে সংঘাতের কারণেই এই সেনাসদস্যরা ভারতে প্রবেশ করছেন। গত সোমবার চিন প্রদেশের লাইলেনপিতে মিয়ানমার সেনাবাহিনীর একটি চৌকি দখল করে নেয় গণতন্ত্রকামী বিদ্রোহী ফৌজ। এর পরেই সেনাসদস্যরা ভারতে প্রবেশ করেন।