ভারতে মন্দিরে ‘পদপিষ্ট’ হয়ে ৭ জনের মৃত্যু

বিহারের লখিসরাইয়ে অশোকধাম মন্দিরে আজ ভক্তদের প্রচণ্ড ভিড় দেখা গেছেছবি: পিটিআইয়ের এক্স অ্যাকাউন্টের ভিডিও থেকে নেওয়া

ভারতের বিহার রাজ্যের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো এক পরিস্থিতিতে অন্তত সাতজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

কর্মকর্তারা বলেন, আজ মন্দিরটিতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। শ্রাবণ মাসের সোমবারের এ দিনটি সনাতন ধর্মে শুভ দিন হিসেবে বিবেচিত হয় এবং পুণ্যার্থীরা, বিশেষ করে শিবভক্তরা ব্রত পালন করেন। সাধারণত এদিন শিবমন্দিরগুলোয় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।

সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শিবম কুমার এএনআইকে বলেন, ‘সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, সেখানে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছিল। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয়। সবকিছু যাচাই করার পর আমরা সঠিক কারণ জানাতে পারব।’

লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শৈলেন্দ্র কুমার বলেন, ‘সেখানে নজিরবিহীন ভিড় হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে এখানে দুটি ট্রেন আসে, তাতে ভিড় আরও বেড়ে যায়। আমরা ভিড় হবে বলে আগেই ধারণা করেছিলাম এবং সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল।’

ঘটনাটি কীভাবে ঘটল, তা ব্যাখ্যা করতে গিয়ে ডিএম আরও বলেন, ভিড়ের চাপে প্রতিবন্ধকের এক পাশ ভেঙে পড়ে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন নিহত হন।

আরও পড়ুন