পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বহাল রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরতœও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। শুনানিতে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে দেন আদালত।

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন। ১৫ জুন ছিল নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওইদিন রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতায় ৫ জন নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই দিন এক আদেশে বলেন, নির্বাচনে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এর খরচ দেবে কেন্দ্রীয় সরকার।

এরপর গত শনিবার পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে পৃথক দুটি আবেদন করে। আজ শুনানির সময় বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়োগে আপত্তি কেন? রাজ্য সরকার তো নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য অন্য রাজ্য থেকে নিজেদের খরচে পুলিশ আনার ব্যবস্থা নিয়েছিল। কেন্দ্রীয় সরকার রাজ্যের শান্তিশৃঙ্খলার কথা মাথায় রেখে এই রাজ্যে কেন্দ্রের খরচে কেন্দ্রীয় বাহিনী আনার উদ্যোগ নিলে কেন আপত্তি নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের? শুনানিতে শেষে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। ওই নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল ৩৪ শতাংশ আসন। নির্বাচন হয়েছিল ৬৬ শতাংশ আসনে। তবে এবারও তৃণমূল সেভাবে মনোনয়নপত্র জমা দিতে চাইলেও বিরোধীরা বাধা দিয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এবার তৃণমূল ৮৪ হাজার ১০৭টি, বিজেপি ৫৪ হাজার ৭৪৯টি, সিপিএম ৪৭ হাজার ৩৫৮টি এবং কংগ্রেস ১৬ হাজার ১৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।