এবার কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হত্যার হুমকি, দাবি ৭ কোটি রুপি
এবার হত্যার হুমকি দেওয়া হলো দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুধু তিনি নন, হুমকি দেওয়া হয়েছে তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও। বলা হয়েছে, ৭ কোটি রুপি দিতে হবে। না হলে দুজনকেই প্রাণে মেরে ফেলা হবে। অভিযোগ, হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।
দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, তাঁর কাছে ৬ নভেম্বর এক ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় এক খুদে বার্তাও। তাতে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুন করা হবে। এ ঘটনায় জার্নেল সিং পাঞ্জাবের মোহালি থানায় একটি অভিযোগ করেন। পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়েছে।
পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছে ও বার্তা পাঠানো হয়েছে, সেটির বিভিন্ন ডিজিটাল নথি তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন। মুঠোফোন নম্বরটির কল রেকর্ড, ইন্টানেট প্রটোকল লগ ও লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে। হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে নাকি কেউ ওই গ্যাংয়ের নাম করে ভয় দেখাচ্ছে, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী রয়েছেন। তিনি কারাগারে থাকলেও তাঁর দলের সদস্যরা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়। গুলিতে আহত হলেও টাইগার শ্রফ ও তাঁর চালক প্রাণে বেঁচে যান। বিষ্ণোই গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যিই তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে।
মুম্বাইয়ে এ ধরনের হুমকি মাঝেমধ্যেই দেওয়া হয়। বহু বছর থেকেই এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আন্ডারওয়ার্ল্ডের (অপরাধজগৎ) মানুষজনের কাছে এটা হলো ‘প্রটেকশন মানি’। অর্থাৎ কাজকর্ম করে খেতে গেলে ওই অর্থ তাদের দিতে হবে। সাম্প্রতিক সময়েও মুম্বাইয়ের একাধিক অভিনেতা ও পরিচালকের কাছে এই ধরনের হুমকি এসেছে। কিছুদিন আগে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। তাঁদের কাছে পাঁচ কোটি রুপি দাবি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাই পুলিশ বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই কর্মী এআইয়ের সাহায্যে কণ্ঠস্বর নকল করে টাকা দাবি করেছিলেন। ওই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগাযোগ ছিল না।
জনপ্রিয় অভিনেতাদের অনেকেই মাঝেমধ্যে এ ধরনের হুমকি ও বার্তা পেয়ে থাকেন। সালমান খান, শাহরুখ খান, আমির খান একাধিকবার হুমকি পেয়েছেন। সম্প্রতি অমিতাভ বচ্চনকেও এমন হুমকি দেওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌরসভায় পাঠানো এক ই–মেইল বার্তায় বলা হয়, জুহু এলাকায় বচ্চনের বাংলো ‘জলসা’, মুম্বাইয়ের মেয়রের অফিস ও একটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়, ৩১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে।
মুম্বাইয়ে থাকলে প্রতি রোববার এক নির্দিষ্ট সময়ে অমিতাভ বচ্চন তাঁর বাড়ির সামনে এসে অনুরাগীদের দেখা দেন। ওই হুমকির পর দেখা যায়, প্রবীন অভিনেতা এক বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে অনুগামীদের অভিনন্দন জানাচ্ছেন।
আপ বিধায়ক জার্নেল সিং কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হত্যার হুমকির অভিযোগের তদন্তের দাবি দিল্লি পুলিশের কাছে জানাননি। অভিযোগ দায়ের করেছেন পাঞ্জাব পুলিশের কাছে। দিল্লির সরকারে আসীন বিজেপি। দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীন। আর পাঞ্জাবের শাসন ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। বিশ্বাসের ঘাটতিই এর কারণ মনে করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পাঞ্জাব পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও আইটি আইনের আওতায় এফআইআর দায়ের করেছে।