বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি করতে পারছে না তৃণমূল
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার যে কর্মসূচি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, তাতে নিষেধাজ্ঞা দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আজ সোমবার আদালত এ নিষেধাজ্ঞা দেন। ফলে তৃণমূল কংগ্রেস আর সেই কর্মসূচি নিতে পারছে না।
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকা শহীদ দিবসের দিন কলকাতার ধর্মতলার আয়োজিত তৃণমূলের সভা থেকে দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ৫ আগস্ট রাজ্যের সর্বত্র; অর্থাৎ জেলা, থানা, ব্লক ও পঞ্চায়েত পর্যায়ের সব বিজেপি নেতার বাসভবন ঘেরাও করা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ঘেরাও কর্মসূচি। এই ৮ ঘণ্টা গণঘেরাও সময়ে বিজেপির কোনো নেতা বাড়ি থেকে বের হতে পারবেন না। কোথায়ও যেতে পারবেন না। বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। তবে কেবল প্রবীণদের ছাড় দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ কেন্দ্রীয় সরকার আটকে দিচ্ছে, এমন অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস এই ঘেরাওয়ের ডাক দেয়।
অভিষেকের এই ডাকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু পরই তাঁর ভাষণে এই ঘেরাও কর্মসূচির কিছুটা বদল করে জানিয়ে দেন, ঘেরাও হবে শুধু ব্লক পর্যায়ের নেতাদের বাসভবন। আর তা হবে প্রতীকী। একই সঙ্গে জানিয়ে দেন, এই ঘেরাও কর্মসূচি পালিত হবে বিজেপি নেতাদের বাসভবনের ১০০ মিটার দূরে। তবে তা হবে শান্তিপূর্ণ।
এই ঘেরাও কর্মসূচি ঘোষণার পর বিজেপি তাদের প্রতিক্রিয়ায় জানায়, প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। সেটা যেন তৃণমূল মনে রাখে। যেন আরও মনে রাখে, এই ঘোষণা সাধারণ মানুষের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপের শামিল। এটা মানবে না বিজেপি।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। তিনি বলেন, ‘এটা মানুষের মৌলিক অধিকার হরণের শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।’
সেই মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে ৫ আগস্টের বিজেপির নেতাদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির ওপর স্থগিতাদেশ জারির নির্দেশ দেন। আদালত বলেন, এটা জনস্বার্থবিরোধী। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে।