গ্রেপ্তারের পর তৃণমূল বলল, তারা নেই অনুব্রতের সঙ্গে
একেবারে উলটপুরাণ! গতকাল বৃহস্পতিবার তৃণমূলের দাপুটে নেতা অবুব্রত মণ্ডল গ্রেপ্তার হন। এরপর বিকেলেই সংবাদ সম্মেলন করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেন, তাঁরা নেই অনুব্রতর সঙ্গে। তৃণমূলের এই হঠাৎ অবস্থান পরিবর্তন রাজ্যে আলোচনার সৃষ্টি করেছে।
গরু পাচার মামলায় গতকাল তৃণমূলের বীরভূম জেলা কমিটির সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। অনুব্রতর এই গ্রেপ্তার তৃণমূলের জন্য ছিল এক বড় ধাক্কা। এর আগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থের বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরে পার্থকে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কার করে। এবার অনুব্রতর থেকেও মুখ ফিরিয়ে নিল তৃণমূল।
গতকাল বীরভূম থেকে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করে। পরে দিবাগত রাত পৌনে ৩টায় নিয়ে আসা হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআইর দপ্তরে। অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজত দিয়েছেন বিচারক। ২০ আগস্ট অনুব্রতকে আবার আসানসোলের বিশেষ সিবিআইর আদালতে তোলা হবে। আদালত থেকে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে নিয়ে আসার সময় অনুব্রত কার্যত ভেঙে পড়েন।
অনুব্রতর গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তৃণমূলের নেত্রী ও রাজ্যের অর্থ ও নারীকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতির বিরুদ্ধেই অবস্থান তৃণমূলের। তাই দুর্নীতির কারণে কেউ গ্রেপ্তার হলে দল তাঁর পাশে থাকে না। থাকবেও না।’ এ কথার মাধ্যমে চন্দ্রিমা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, অনুব্রত মণ্ডলের পাশেও নেই দল।
চন্দ্রিমা আরও বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে দল।
গতকাল বিকেলে কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ওই সংবাদ সম্মেলনে আরও বলেন, তৃণমূলের নীতি হলো দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া। সেই নীতি নিয়ে মমতার নির্দেশে দল চলছে।
চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, দলের মধ্যে কেউ মানুষের পক্ষে ক্ষতিকর কাজ করে, মানুষকে ঠকায়, তাঁর ঠাঁই হবে না তৃণমূলে। তৃণমূল কখনো সেসব কাজকে সমর্থন করে না। তিনি এ কথাও বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে নিরপেক্ষ আচরণ করা উচিত। নইলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আসে।
এরপরই চন্দ্রিমা ঘোষণা দেন, সিবিআই ও ইডির নিরপেক্ষ চেহারা না দেখানোর প্রতিবাদে আজ শুক্রবার ও কাল শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে।
অনুব্রতকে নিয়ে তৃণমূলের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেসসহ প্রায় সব বিরোধীরা। তারা বলেছে, দলের শীর্ষ নেতৃত্বের আশকারাতেই অনুব্রত তাঁর নানা কর্মকাণ্ড চালিয়েছেন। রাজনীতির নামে ভীতির সঞ্চার করেছেন। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল।