পশ্চিমবঙ্গের সরকারি তথ্যকেন্দ্রে ‘সাইবার হামলা’, নথি হারানোর আশঙ্কা

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তথ্যকেন্দ্র পরিচালনা করে ওয়েবেল। সল্টলেক, কলকাতাছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তথ্যকেন্দ্রের (স্টেট ডেটা সেন্টার) সার্ভারে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন ‘সাইবার হামলা’ চালানো হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি চুরি বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সাইবারবিশেষজ্ঞরা।

হামলার ঘটনায় সরকারি প্রকল্প, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত নথি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে।

দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে হামলার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয় রাজ্য তথ্যকেন্দ্রে। তথ্যপ্রযুক্তি দপ্তরের অধীন এই প্রতিষ্ঠান পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (ওয়েবেল)।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর সার্ভারে প্রথম হামলা চালানো হয়। তবে ১৩ সেপ্টেম্বর দুপুরের আগে বিষয়টি রাজ্য তথ্যকেন্দ্রের কর্মকর্তাদের নজরে আসেনি। হামলা ঠেকানোর চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। পরদিন তদন্তে নেমে সাইবার ফরেনসিক দল জানতে পারে, হামলাকারীরা টানা পাঁচ দিন সার্ভারে ঢুকে ম্যালওয়্যার স্ক্রিপ্ট চালিয়েছে।

ম্যালওয়্যার স্ক্রিপ্ট হলো এমন এক ধরনের ক্ষতিকর কোড, যা সাইবার অপরাধীরা কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে গোপনে যুক্ত করে। এর মাধ্যমে তথ্য চুরি, সিস্টেমে অনুপ্রবেশ বা অন্যান্য ক্ষতিকর কার্যক্রম চালানো সম্ভব।

ফরেনসিক তদন্তের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, রাজ্যের অর্থ দপ্তরসহ চারটি দপ্তরের নথির বড় অংশ চুরি হয়ে যেতে পারে। এর মধ্যে আগের সরকারের সময়ের বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত নথি রয়েছে বলে জানা গেছে।

নথিগুলোর ব্যাকআপও নষ্ট করে দেওয়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার সময় অন্তত ৫০টি ভার্চ্যুয়াল মেশিন সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে। এতে সার্ভারে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সাইবারবিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজ্যের অর্থ দপ্তরের অভ্যন্তরীণ সিস্টেম আক্রান্ত হয়নি। অন্নপূর্ণা যোজনার নথি কতটা নিরাপদ রয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

সাইবার হামলার প্রভাবে রাজ্যের পূর্ত, আবাসন, পৌর ও নগর উন্নয়ন, পুলিশসহ একাধিক দপ্তরের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো ওয়েবসাইট অচল হয়ে পড়েছে আবার কোনো সাইটের ব্যাকএন্ডে কাজ করা যাচ্ছে না।

হামলার বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার পত্রিকা। তবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।