ত্রিপুরায় নির্বাচনের ফল ঘোষণার পর বেড়েছে রাজনৈতিক সহিংসতা
ভারতের ত্রিপুরা রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কিছু কিছু এলাকায় লাগাতার রাজনৈতিক সহিংসতা চলছে। বিশেষ করে সিপাহিজালা জেলার চড়িলাম বিধানসভা কেন্দ্রে বেশি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ পাওয়া গেছে, চড়িলামে বিজেপির সদস্যরা হামলার শিকার হয়েছেন। অন্যত্র বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের ওপর হামলা হয়েছে। গত বৃহস্পতিবার ফল ঘোষণা হওয়ার পরে রাত থেকে সহিংসতা শুরু হয়। গতকাল শুক্রবার রাতেও সহিংসতার ঘটনা ঘটেছে।
চড়িলাম বিধানসভার আড়ালিয়া এলাকায় একাধিক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি জানিয়েছে, উপজাতীয় দল তিপ্রা মথার সদস্যরা বেছে বেছে বিজেপির সমর্থক ও তাঁদের পরিবারকে আক্রমণ করছে। তবে তিপ্রা মথার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চড়িলাম কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থীর কাছে বিজেপির সাবেক উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন হেরে গেছেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকাল শুক্রবার আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান এবং সেখানে তিনি বলেন, সরকার কোনো অবস্থায় সহিংসতা সহ্য করবে না। তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পরে তিপ্রা মথার রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিজেপি দলের কর্মী পঙ্কজ দেবনাথ ও নারায়ণ দেবনাথ। আইনশৃঙ্খলা ভাঙার সব অপপ্রয়াস শক্ত হাতে মোকাবিলা করবে প্রশাসন।
সিপিআইএমের তরফে বলা হয়েছে, একাধিক জায়গায় অশান্তি হয়েছে ও হচ্ছে। বেছে বেছে বিরোধী দলের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, বাড়িঘরও ভাঙচুর করা হচ্ছে। কংগ্রেসের অভিযোগ, যেখানে বিজেপি হেরে গিয়েছে, সেখানেই তারা বিরোধীদের ওপর হামলা করছে। একই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।