রাগে মুঠোফোন গিলে ফেলল কিশোরী
রাগের বশে অনেকেই কি না করে। সম্ভবত, সবচেয়ে বেশি যে কাজটি করে তা হলো, হাতের কাছে থাকা জিনিসপত্র ভাঙচুর। তবে ভারতের এক কিশোরী রাগের সময় এমন কাণ্ডই ঘটাল, যা অবিশ্বাস্য মনে হতে পারে। আস্ত একটা মুঠোফোনই গিলে ফেলেছে সে।
মুঠোফোন গিলে ফেলার পর বাঁধে বিপত্তি। পরে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে মুঠোফোনটি বের করে আনেন। তবে কী কারণে সে এমন কাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।
ওই কিশোরীর বাড়ি ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়। সম্প্রতি রাগের চোটে নিজের মাল্টিমিডিয়া মুঠোফোন গিলে ফেলে সে। এর পর তার পরিবার তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর বিবেচনায় সেখানকার চিকিৎসকেরা তাকে গোয়ালিয়র হাসপাতালে পাঠিয়ে দেন।
গোয়ালিয়র হাসপাতালের চিকিৎসকেরা দেখতে পান, ১৫ বছর বয়সী কিশোরীর পাকস্থলীতে একটি মুঠোফোন। এরপর সেটি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। এক ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর পাকস্থলী থেকে মুঠোফোনটি বের করেন। ওই হাসপাতালে এমন অস্ত্রোপচার আগে কখনোই হয়নি বলে জানান তাঁরা।
হাসপাতালের প্রধান আর কে এস ধাকাদ বলেন, ‘ভালো হয়েছে যে, ভিন্দ জেলা হাসপাতালের চিকিৎসকেরা কিশোরীকে দ্রুতই গোয়ালিয়রে পাঠিয়েছেন। এখানকার চিকিৎসকেরা একটি অস্ত্রোপচার করে মুঠোফোনটি তার পাকস্থলী থেকে বের করেন। কিশোরী এখন সুস্থ আছে।’
চিকিৎসকদের ত্বরিত সিদ্ধান্তের প্রশংসা করে হাসপাতালটির প্রধান আরও বলেন, ‘এ কারণে আমরা মেয়েটিকে রক্ষা করতে পেরেছি। চিকিৎসকদের অভিনন্দন জানাই। একই সঙ্গে এটা সেই চিকিৎসদেরও অর্জন, যাঁরা রোগীকে সময়মতো গোয়ালিয়র হাসপাতালে পাঠানোর কথা বলেছিলেন।’