১০ বছরে চার গুণের বেশি দামে ১ হাজার ৬২৫ কোটি টাকায় বাংলো বিক্রি করলেন ভারতীয় ব্যবসায়ী

এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রফাইল ছবি

ভারতের শিল্পগোষ্ঠী এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র দিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলো বিক্রি করেছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬২৫ কোটি টাকায় (১ হাজার ২৬০ কোটি রুপি) বাড়িটি বিক্রি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে ব্যয়বহুল আবাসন লেনদেনের একটি। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

সুভাষ চন্দ্র ২০১৫ সালে বাংলোটি প্রায় ৩৯২ কোটি টাকায় (৩০৪ কোটি রুপিতে) কিনেছিলেন। সেই হিসাবে গত এক দশকে এই সম্পত্তির দাম চার গুণের বেশি বেড়েছে।

ইন্ডিয়া গেট ও কনট প্লেসের কাছে ভগবান দাস রোডে এই বাংলো অবস্থিত। প্রায় তিন একর জায়গার ওপর নির্মিত এই সম্পত্তি কিনেছে দিল্লির একটি ব্যবসায়ী পরিবার। তবে ক্রেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই লেনদেনের কাজ শেষ হতে পারে।

লুটিয়েন্স বাংলো জোন দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অভিজাত এলাকা। এখানে প্রায় তিন হাজার বাংলো রয়েছে। এলাকাটি দীর্ঘকাল ধরে ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারক, কূটনীতিক ও প্রভাবশালী শিল্পপতিরা এখানে বসবাস করেন। কঠোর আইনি বিধিনিষেধের কারণে এখানে জমি পাওয়া এবং স্থাপনা নির্মাণ করা বেশ কঠিন।

কোভিড–১৯ মহামারির পর থেকে দিল্লির লুটিয়েন্স জোন এবং গুরুগ্রামের গলফ কোর্স রোডে বেশ কিছু বড় আবাসন লেনদেন হয়েছে। বিশেষ করে গুরুগ্রামে বিলাসবহুল ফ্ল্যাট ও বাংলোর চাহিদা অনেক বেড়েছে। ডিএলএফের ‘দ্য ক্যামেলিয়াস’ ও ‘দ্য ডালিয়াস’-এর মতো অত্যন্ত বিলাসবহুল আবাসন প্রকল্পগুলোর অ্যাপার্টমেন্ট এখন আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে।