ক্ষমতা নিয়েই খড়্গহস্ত মুখ্যমন্ত্রী থালাপতি, ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ
ভারতের তামিলনাড়ুতে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।
সরকারি নির্দেশে বলা হয়েছে, রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে যেসব সরকার পরিচালিত মদের দোকান আছে, সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। এর ফলে ৭১৭টি মদের দোকানের কার্যক্রম গোটাতে হবে।
এএনআইয়ের খবর, ‘জনগণের কল্যাণে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশনের (টিএনএসএমসি) তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান আছে।
গত রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোট সরকার গড়েছেন তিনি।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করেছে।
ক্ষমতা নেওয়ার পরপরই মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে কতগুলো সরকার পরিচালিত মদের দোকান আছে, সংশ্লিষ্টদের তা পর্যালোচনার নির্দেশ দেন। যাচাই–বাছাই শেষে তামিলনাড়ুজুড়ে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ এসেছে।
রাজ্য সরকারের পর্যালোচনা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বন্ধের নির্দেশ দেওয়া ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকানের মধ্যে ২৭৬টির অবস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে। আর ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে।