আদানির ‘জালিয়াতি’ নিয়ে কংগ্রেস আক্রমণাত্মক, সরকার নির্বিকার
ভারতের আদানি গোষ্ঠীর শেয়ারবাজার ‘জালিয়াতি’ নিয়ে কংগ্রেস আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। আজ রোববার সকালে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেন, ‘লাইফ ইনস্যুরেন্স করপোরেশনের (এলআইসি) নাম বদলে দিয়েছে মোদি সরকার। নতুন নাম লুট ইনভেস্টমেন্ট ফর ক্রোনিস।’ অর্থাৎ বন্ধুদের জন্য লুট।
হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের উল্লেখ করে কংগ্রেস সভাপতি টুইটে বলেন, দুই দিনে শেয়ারবাজারে এলআইসির ২২ হাজার ৪৪২ কোটি রুপি লোকসান হয়েছে। অথচ তারা আদানি গোষ্ঠীতে আরও টাকা ঢালছে। ভারতের জীবন বিমা করপোরেশনে (এলআইসি) ২৯ কোটি মানুষের বিমা পলিসি রয়েছে।
মোদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের রাজনৈতিক আক্রমণে বারবার যে দুই শিল্পগোষ্ঠীর নাম উল্লিখিত হয়ে আসছে, তার একটি আদানি, অন্যটি আম্বানি গোষ্ঠী। এই প্রথম আদানি গোষ্ঠীর ‘জালিয়াতি, কারচুপি ও আর্থিক নয়ছয়’ নিয়ে আন্তর্জাতিক সংস্থা সরব হলেও কংগ্রেস ও বামপন্থীরা ছাড়া অন্য রাজনৈতিক দলকে এখনো সেভাবে সরব হতে দেখা যায়নি। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী অবশ্য এই বিষয়ে সরকারি বিবৃতি দাবি করেছেন। সামাজিক মাধ্যম যদিও সরব। রিপোর্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম প্রশ্ন তুলেছে, এত বড় দুর্নীতির অভিযোগ ও এই বিপুল পরিমাণ অর্থহানি সত্ত্বেও সরকার কেন নীরব। কেনই বা আদানি গোষ্ঠীর এই ‘জালিয়াতির’ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এখনই সরকার এই বিষয়ে কিছু বলবে না। সরকার আগে দেখে নিতে চায়, অভিযোগের জবাবে ওই শিল্পগোষ্ঠী কী বলে। আদানি গোষ্ঠীর তরফে জানা গেছে, তারা যে এফপিও বাজারে ছেড়েছে, তা কেনার শেষ দিন ৩১ জানুয়ারি, মঙ্গলবার। এফপিও কেনার মেয়াদ শেষ হলেই তারা রিপোর্টে তোলা যাবতীয় অভিযোগের জবাব দেবে। সরকার সেই জবাব দেখে নিতে উৎসুক। তা ছাড়া ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সরকারের ধারণা, এ নিয়ে বিরোধীরা শুরু থেকেই সরকারকে চাপে ফেলতে চাইবে। তখন পরিস্থিতির বিচারে সরকার সংসদে জবাব দেবে।
সন্দেহ নেই, হিনডেনবার্গ রিসার্চের এই সাম্প্রতিকতম প্রতিবেদন শাসক দল বিজেপি ও নরেন্দ্র মোদির সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। মোদি সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর দহরম মহরম সর্বজনবিদিত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই এই একটি বিষয়ে নিয়ম করে মোদি সরকারকে বিদ্ধ করে চলেছেন। নিয়মিত তাঁরা বলে আসছেন, মোদি সরকার আদানি–আম্বানিদের মতো গুটিকয় শিল্পপতির স্বার্থে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করছেন। কৃষি আইন খারিজের দাবিতে কৃষক আন্দোলনের সময়ও এই বিষয়টি বড়ভাবে উঠে এসেছিল। এই প্রথম আন্তর্জাতিক পর্যায়ের কোনো প্রতিবেদন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে গেল এবং সেই রিপোর্ট আদানি গোষ্ঠীর সুনামই শুধু নষ্ট করেনি, শিল্পগোষ্ঠীর শেয়ারও মুখ থুবড়ে পড়েছে। দুই দিনে শেয়ারবাজারের ধস গৌতম আদানিকে বিশ্বের তৃতীয় ধনী থেকে সপ্তম স্থানে নামিয়ে দিয়েছে। সংস্থার সাতটি তালিকাভুক্ত কোম্পানির বাজারি মূলধন ৪ হাজার ৮০০ কোটি ডলার কমে গেছে। এফপিওর দাম পড়েছে ২০ শতাংশ।
ভারতের পক্ষে শঙ্কার কারণ এলআইসি ও রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর লগ্নি। দুই দিনে এলআইসি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শেয়ার মূল্যে লোকসান হয়েছে ৭৮ হাজার কোটি রুপি। অথচ সরকার নীরব। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে রা নেই। ‘সেবি’ অথবা অন্য কেউ কোনো রকম তদন্তের নির্দেশ এখনো পর্যন্ত দেয়নি। কংগ্রেস তাই প্রশ্ন তুলেছে, এই বিপুল লোকসান সত্ত্বেও এলআইসি কেন আদানি গোষ্ঠীকে অতিরিক্ত ৩০০ কোটি রুপি ঋণ দিচ্ছে? এই প্রশ্ন তুলে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা জানতে চেয়েছেন, কার নির্দেশে স্টেট ব্যাংকও ২২৫ কোটি রুপি অতিরিক্ত লগ্নির সিদ্ধান্ত নিয়েছে? তিনি বলেন, সাধারণ মানুষের টাকা এভাবে নয়ছয়ের অধিকার এলঅঅইসি বা স্টেট ব্যংকের নেই।
আপাতত সবার নজর সোমবার শেয়ারবাজারের মতিগতির দিকে। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশন শুরুর পর বুধবার থেকে বিরোধীরা কতটা আক্রমণাত্মক হন, আদানি গোষ্ঠীই বা হিনডেনবার্গ রিসার্চকে কী জবাব দেয় নজর থাকছে সেদিকেও।