আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা এবার ভোটের মাঠে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের পর হত্যার শিকার সেই চিকিৎসকের মা রত্না দেবনাথ এবার সরাসরি ভোটের মাঠে নামলেন। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
গতকাল বুধবার সন্ধ্যায় বিজেপি তাদের তৃতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানেই রত্না দেবনাথের নাম উঠে আসে।
২০২৪ সালের আগস্টে ওই মর্মান্তিক ঘটনার পর থেকে পরিচয় রক্ষায় নির্যাতিতাকে ‘অভয়া’ হিসেবে সম্বোধন করা হচ্ছিল। এত দিন তাঁর মা–বাবার নাম ও ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে নির্বাচনের মনোনয়নের মাধ্যমেই প্রথমবারের মতো রত্না দেবনাথের নাম জনসমক্ষে এল। এই দফায় রত্না দেবনাথ ছাড়াও আরও ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়ে রত্না দেবনাথ বলেন, ‘আমি এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে চাই। বিশেষ করে মায়েদের নিরাপত্তা, নারী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই আমি নির্বাচনের মাঠে নেমেছি।’
রত্না দেবনাথের প্রার্থী হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তাঁর এই সিদ্ধান্তকে আন্দোলনের সমর্থকেরা ইতিবাচকভাবে দেখলেও শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি সহজভাবে নেয়নি।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসক ধর্ষণের পর খুন হন। বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আর জি করসহ রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই ধর্ষণ-খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র আন্দোলন শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা ভারতে।
এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত সঞ্জয় রায়কে কলকাতার আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিলেও নির্যাতিতার পরিবার সেই রায় মেনে নেয়নি। তারা এখনো পূর্ণাঙ্গ বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য সরকারের দেওয়া ১০ লাখ রুপির ক্ষতিপূরণও ফিরিয়ে দিয়েছিল ভুক্তভোগীর পরিবার।
রত্না দেবনাথের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষ। তীর্থঙ্কর এই আসনের বর্তমান বিধায়ক নির্মল ঘোষের ছেলে। অন্যদিকে বাম দল সিপিএম এই আসনে প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে।
২০২১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূলের নির্মল ঘোষ ৮৬ হাজার ৪৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সন্ময় ব্যানার্জি পেয়েছিলেন ৬১ হাজার ৩১৮ ভোট। আর কংগ্রেসের তাপস মজুমদার পেয়েছিলেন ২১ হাজার ১৬ ভোট। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হওয়ায় এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।