কর্ণাটকে মন্ত্রিসভার শপথের পর পাঁচ অঙ্গীকার বাস্তবায়নে বৈঠক বসছে
ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আজ শনিবার দুপুরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে রাজ্যপাল থেবরচাঁদ গেহলট তাঁকে শপথবাক্য পাঠ করান। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডি কে শিবকুমার। কানায় কানায় ভর্তি স্টেডিয়ামে রাহুল–প্রিয়াঙ্কার সঙ্গে ‘সমমনা’ বিরোধী দলের নেতা ও মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে দুপুর সাড়ে ১২টার সামান্য পরে তাঁদের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেসের আরও আটজন।
মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই মঞ্চে দেওয়া বক্তৃতায় জনসমুদ্রকে সাক্ষী রেখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি ওই বৈঠকেই বাস্তবায়ন করা হবে। কর্ণাটককে কংগ্রেস দুর্নীতিমুক্ত সরকার উপহার দেবে।
রাহুল বলেন, কর্ণাটক জয়ের বিশ্লেষণ অনেকেই অনেকভাবে করছেন। কিন্তু কংগ্রেস জিতেছে দরিদ্র, অনগ্রসর, দুর্বল ও দলিত ব্যক্তিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলে।
তাঁদের হয়ে লড়েছে বলে। রাহুল বলেন, ‘আমাদের সঙ্গে ছিল সত্য ও দরিদ্র মানুষের শক্তি। অন্যদিকে বিজেপির হাতে ছিল ধনী মানুষের ক্ষমতা, অর্থ ও পুলিশ। রাজ্যের মানুষ তাদের হারিয়ে আমাদের জয়ী করেছে। তারা ঘৃণা ও দুর্নীতিকে হারিয়েছে।’
রাহুল বলেন, ‘ভারত জোড়ো যাত্রার সময় বলেছিলাম, ঘৃণার দোকান বন্ধ হবে, ভালোবাসার দোকান খুলবে। সেটাই হয়েছে। কর্ণাটকে ভালোবাসা ছড়িয়ে পড়বে।’
দুপুর ১২টা ৪০ মিনিটে অনগ্রসর কুড়ুবা সম্প্রদায়ের নেতা সিদ্দারামাইয়া শপথ গ্রহণের পর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা ডি কে শিবকুমার।
এ দুজনের সঙ্গে যে আট মন্ত্রী শপথ নেন, তাঁদের বাছাইয়ের ক্ষেত্রে সমাজের সব সম্প্রদায়ের মধ্যে একধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যেমন সাবেক উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর তফসিলি জাতির নেতা। প্রভাবশালী এই জননেতা এবারও উপমুখ্যমন্ত্রিত্ব দাবি করেছিলেন। পরমেশ্বর ২০১৩ সাল পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। মন্ত্রিসভায় তাঁর স্থান তৃতীয়।
কে এইচ মুনিয়াপ্পা সাতবারের বিধায়ক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তফসিল জাতির অন্যতম প্রধান নেতাও তিনি। আরও এক তফসিল মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গে যিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে। তিনিও চারবারের বিধায়ক। তফসিল উপজাতিদের মধ্য থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ঝড়কিহোলির বিধায়ক সতীশ ঝড়কিহোলি। প্রভাবশালী রেড্ডিদের মধ্য থেকে মন্ত্রিসভায় এলেন আটবারের বিধায়ক বেঙ্গালুরুর নেতা রামলিঙ্গ রেড্ডি। খ্রিষ্টান সংখ্যালঘুদের মধ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কে জে জর্জ, মুসলমান সংখ্যালঘুদের মধ্য থেকে সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত বি জেড জামির আহমেদ খান মন্ত্রী হয়েছেন।
মন্ত্রিসভার লিঙ্গায়েত সম্প্রদায়ের মুখ হলেন এম বি পাতিল। তিনি ছিলেন দলের প্রচার কমিটির চেয়ারম্যান। প্রাথমিকভাবে এ মন্ত্রিসভার সদস্য বাছাইয়ের সময় জাত ও ধর্মের পাশাপাশি আঞ্চলিক ভারসাম্য রক্ষারও চেষ্টা করা হয়েছে।
শপথ অনুষ্ঠান থেকেই কংগ্রেস নেতৃত্ব বিজেপিবিরোধী জোট গঠনের এক স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন রাজ্যের বিজেপি–বিরোধী সরকার ও দলের নেতা–নেত্রীদের। মূল মঞ্চেই তাঁদের বসানো হয়েছিল। অসুস্থতার কারণে সোনিয়া গান্ধী আসেননি। এসেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাঁদের সঙ্গেই ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিন কংগ্রেসি মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও হাজির ছিলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না এলেও পাঠিয়েছিলেন লোকসভার সদস্য কাকলি ঘোষদস্তিদারকে। শিবসেনার উদ্ধব ঠাকরেও আসেননি। পাঠিয়েছেন তাঁর প্রতিনিধি। এসেছিলেন এনসিপি নেতা শারদ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, জম্মু–কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও জননেতা কমল হাসানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কংগ্রেস আমন্ত্রণ জানায়নি দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিআরএস নেতা চন্দ্রশেখর রাওকে। আমন্ত্রণ জানানো হয়নি বহুজন সমাজ নেত্রী মায়াবতীকেও।
স্পষ্টতই এসব দলকে কংগ্রেস এখনো ‘সমমনা’ মনে করছে না। এর মধ্য দিয়ে পরিষ্কার, এখনো ২০২৪ সালে বিজেপিবিরোধী জোট গঠনের চেষ্টা এই দলগুলোকে বাদ দিয়েই করা হচ্ছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে আমন্ত্রণ পাঠানো হলেও তিনি আসেননি।