কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে ঐতিহাসিক সাতই মার্চ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ
ছবি: ভাস্কর ব্যানার্জি

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। আজ সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এরপর ‘মুজিব চিরঞ্জীব’ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে শোনানো হয় বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের। কালজয়ী সেদিনের সেই ঐতিহাসিক ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসকো। এবারও তাই বাংলাদেশসহ সারা বিশ্বে দিনটি বিশেষ তাৎপর্য নিয়ে পালিত হয়েছে আজ সেই ঐতিহাসিক ৭ মার্চ।
আজ কলকাতার উপহাইকমিশনে আলোচনা সভায় যোগ দিয়ে উপহাইকমিশনার বলেন, আজ ৫২ বছর পরও বঙ্গবন্ধুর সেই ভাষণ অমলিন। মানুষ সেই ভাষণ শুনে শিহরিত হন, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন অধ্যাপক বরেন্দ্র মন্ডল ও  সাংবাদিক দেবদীপ পুরোহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাঁর ভাষণে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এক ঐতিহাসিক স্বাধীনতাসংগ্রামের দলিল। সেদিন বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে শামিল হয়ে লড়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। তাই আজও বঙ্গবন্ধু অমর। বেঁচে আছেন, বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে চিরদিন।