আরএসএস ভারতের মুসলিম ব্রাদারহুড: লন্ডনে রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
ফাইল ছবি রয়টার্স

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) আরব দেশের ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন ‘মুসলিম ব্রাদারহুডের’ সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে এবং কংগ্রেস চিরতরে বিদায় নিয়েছে—এমন ধারণা হাস্যকর। লন্ডনে একাধিক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করে রাহুল বলেছেন, ভারতীয় গণতন্ত্র অবশ্যই এক সংকটের মধ্য দিয়ে চলছে। এই সংকট কেটে যাবে। ভারতের ভবিষ্যৎ ফের উজ্জ্বল হয়ে উঠবে।

কয়েক দিন ধরে রাহুল বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে বিজেপি শাসনে নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’কে তুলে ধরেছেন, বিজেপি তাতে ক্ষুব্ধ। আজ মঙ্গলবার বিজেপির মুখপাত্র সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, রাহুল দেশের গণতন্ত্র, সংসদ, রাজনৈতিক ব্যবস্থা, বিচার বিভাগ প্রত্যেকের অসম্মান শুধু করেননি, গণতন্ত্রকে বাঁচাতে ইউরোপ–আমেরিকাকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। ভারতের গণতন্ত্রহীনতায় ইউরোপ–আমেরিকা কী করে উদাসীন থাকে, সেই প্রশ্ন তুলেছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

আরএসএসকে মিসরভিত্তিক ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা রাহুল এই প্রথম করলেন না। ২০১৮ সালেও লন্ডনে ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ’–এ এক আলোচনা সভায় তিনি এমনই মন্তব্য করেছিলেন। বলেছিলেন, মুসলিম ব্রাদারহুডের মতো আরএসএসও মনে করে, দেশে একটিমাত্র আদর্শ ও মতবাদ থাকবে। সেই মতবাদ অনুযায়ী চালিত হবে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গতকাল সোমবার ‘চ্যাথাম হাউস’ থিংকট্যাংকের  মতবিনিময় অনুষ্ঠানেও সেই কথারই পুনরাবৃত্তি করে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, মৌলবাদী ও স্বৈরতান্ত্রিক সংগঠন আরএসএস এখন দেশের প্রায় সব প্রতিষ্ঠান কবজা করে নিয়েছে। এরা গণতন্ত্রের কথা বলে প্রথমে ক্ষমতা দখল করে। এর পর সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান দখলে নিয়ে গণতন্ত্রকে উৎখাত করে। রাহুল বলেন, ‘আজ আমাদের দেশের বড় মিডিয়া, বিচার বিভাগ, সংসদ, নির্বাচন কমিশন—সবকিছু তাদের নিয়ন্ত্রণে। বিরোধী কণ্ঠস্বর জোর করে চাপা দেওয়া হচ্ছে। ভারতের চিরায়ত খোলামেলা পরিবেশটা উবে গেছে।’

যুক্তরাজ্যে গিয়ে রাহুল প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠানে ভারতের ‘গণতন্ত্রহীনতা ও স্বৈরতান্ত্রিক আবহের’ তীব্র সমালোচনা করছেন। শুরু হয়েছিল তাঁর পুরোনো শিক্ষালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান দিয়ে। এরপর তিনি লন্ডনে সংবাদ সম্মেলন করেন। গতকাল সোমবার রাহুল কথা বলেন হাউস অব কমন্সের ব্রিটিশ সংসদ সদস্যদের এক অনুষ্ঠানে এবং চ্যাথাম হাউসেও। সর্বত্র বিজেপি ও আরএসএসের নাম করে তিনি তীব্র সমালোচনায় মুখর হন। তাঁর মন্তব্যের বিরোধিতায় বিজেপিও সমান সক্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, নিজের ব্যর্থতা ঢাকতে রাহুল এখন দেশে–বিদেশে যেখানে পারছেন দেশের বদনাম করছেন।

এটা তিনি করছেন পরিকল্পিতভাবে। কিন্তু বিজেপি নেতাদের সমালোচনা সত্ত্বেও রাহুল একই রকম সক্রিয়। এ অবস্থায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, দেশে ফিরে সংসদে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয় কি না।

দেশে শাসকের সমালোচনায় রাহুল অবশ্য কর্ণপাত করছেন না। বরং বিদেশে দাঁড়িয়ে দেশের বদনাম করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দোষারোপ করেছেন। বলেছেন, ইউরোপ–আমেরিকায় সর্বত্র প্রধানমন্ত্রী বলেছেন, ৭০ বছরে দেশ রসাতলে গিয়েছিল। তিনিই দেশটাকে টেনে তুলেছেন। ব্রিটেনে সংসদ ভবন চত্বরে ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে সোমবারের অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রাহুল দেখেন, তাঁর মাইকটি খারাপ। সেই সূত্র ধরে তিনি বলেন, ‘ভারতে সংসদের মাইক কিন্তু খারাপ থাকে না। তবে আমরা বলতে গেলে তা বন্ধ করে দেওয়া হয়। নোট বাতিল, জিএসটি, চিনা আগ্রাসন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ আমাদের দেওয়া হয়নি। কেউ সমালোচনা করলেই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। এই অসহ্য অবস্থাই তাঁদের বাধ্য করেছে ভারত জোড়ো যাত্রায় শামিল হতে।’

রাহুল অবশ্য কংগ্রেস ও তার নেতৃত্বাধীন ইউপিএ জোটের সমালোচনাও করেছেন। অনেকটা আত্মপোলব্ধির ঢংয়ে বলেছেন, স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময় কংগ্রেসই ক্ষমতায় ছিল। কিন্তু তারা ভারতীয় রাজনীতির পরিবর্তনশীল প্রকৃতির দিকে সেভাবে মনোযোগী হতে পারেনি। ইউপিএ জোট সে কারণেই ধরাশায়ী হয়েছে। তিনি বলেন, ইউপিএ জোট সরকার গ্রামের দিকে বেশি নজর দিয়েছিল। শহরে কম। এটা অস্বীকারের জায়গা নেই। সে কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।