শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে কোনো আলোচনা নয়: মোদি সরকারের আলোচনার প্রস্তাবে বিরোধীরা
নয়াদিল্লিতে সংসদ ভবনে আজ বৃহস্পতিবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
বৈঠকে সংসদ সদস্য কংগ্রেস নেতা বেনুগোপাল বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব বিরোধী দল।
বেনুগোপাল বলেন, ‘আমরা এ বিষয়টি স্পিকার ওম বিড়লাকে জানিয়েছি।’
নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বিরোধীদের এই সিদ্ধান্ত এসেছে। এদিন পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা বিক্ষোভও করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বলেছে, তারা সংসদে এ বিষয় নিয়ে আলোচনা করতে চায়। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত।’
সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের বিক্ষোভের পর বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন বলেন, ‘কংগ্রেসসহ পুরো বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। কারণ, তারা জানে, পার্লামেন্টে আলোচনা শুরু হলেই দেশের মানুষ ও তরুণদের সামনে তাদের দ্বিচারিতা পুরোপুরি প্রকাশ পেয়ে যাবে। আমরা পুরো বিরোধী শিবিরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি।’
নীতীন আরও বলেন, ‘আসুন, নিটসহ শিক্ষার্থী ও তরুণদের সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করি। এনডিএ সরকার প্রতিটি বিষয়ে আলোচনা করতে এবং সব প্রশ্নের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু রাহুল গান্ধী ও বিরোধীদের রাজনৈতিক ইতিহাসই হলো আলোচনা এড়িয়ে চলা। সে কারণেই তারা পার্লামেন্টে বিতর্কের মুখোমুখি না হয়ে তা থেকে পালিয়ে বেড়ায়।’