দুই শর বেশি আসনে জিতবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী সোমবার। এর দুই দিন আগে শনিবার তৃণমূল কংগ্রেস দাবি করেছে, দুই শর বেশি আসনে জিতে রাজ্যে চতুর্থবারের মতো সরকার গড়বে তারা। ভেঙেচুরে যাবে বিজেপির সাজানো স্বপ্ন।

বিজেপি ঘোষণা দিয়েছে, তারা মমতার দুঃশাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসছে। এর পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে বলেছেন, দুই শর বেশি আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল।

বিকেল সাড়ে চারটায় কাউন্টিং এজেন্টদের (গণনা প্রতিনিধি) সঙ্গে কালীঘাটের দলীয় দপ্তরে এক ভার্চ্যুয়াল বৈঠক করেন মমতা ও অভিষেক। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট ও দলের গুরুত্বপূর্ণ নেতারা।

এই বৈঠকেই মমতা বলেন, শেয়ারবাজারকে চাঙা রাখতেই বুথফেরত সমীক্ষায় বিজেপিকে জয়ের জন্য এগিয়ে রাখা হয়েছে। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একই ভূমিকা নিলেও ফলাফলে দেখা গিয়েছিল, মানুষ তৃণমূলকেই পছন্দ করেছেন এবং জিতিয়ে এনেছেন।

বুথফেরত সমীক্ষাকে আদৌ পাত্তা না দিয়ে এই দুই নেতা রাজ্যবাসীকে জানিয়ে দেন—বিজেপি নয়, ক্ষমতায় আসছে তৃণমূল। রাজ্যবাসী বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।
বৈঠকে অভিষেক বলেন, ভুয়া সমীক্ষাকে তুলে ধরে আর্থিক জালিয়াতি করেছে বিজেপি। এবার তার জবাব তারা পেয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে এবার বেশি আসনে জিতবে তৃণমূল। ২০২১ সালে ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল জিতেছিল ২১৩টিতে।

এবারের নির্বাচনে দলের কর্মীদের আপসহীন লড়াই ও কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করে ভোটযুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তৃণমূল নেতারা। মমতা ও অভিষেক কাউন্টিং কেন্দ্রে থেকে ভোট গণনার প্রতি কড়া নজর রেখে প্রতি মুহূর্তের ফলাফল দলীয় নেতৃত্বকে জানাতে বলেছেন। ভোরেই দলীয় এজেন্টদের গণনা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।

এবার রাজ্যের ২৯৪ আসনের ভোট গণনা হবে কলকাতাসহ ৭৭টি গণনা কেন্দ্রে। গত ২০২১ সালে এই গণনা হয়েছিল ১০৮টি কেন্দ্রে।

অভিষেক আজ অভিযোগ করে বলেন, বিজেপি এবার ‘নির্বাচন কমিশন’ হিসেবে কাজ করেছে। আর তাই তৃণমূলের নেতা-কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে হয়েছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কমিশন নিযুক্ত যেসব পর্যবেক্ষক অসাংবিধানিকভাবে কাজ করেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে তৃণমূল।