যেকোনো বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা চায় কোয়াড
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ করে তুলতে চারদেশীয় জোট ‘কোয়াড’ দৃঢ়প্রতিজ্ঞ। এই অক্ষভুক্ত ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার বৈঠকের পর তাঁদের এই প্রতিশ্রুতি কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, তাঁরা প্রত্যেকেই এই বিস্তীর্ণ অঞ্চলের আইনের শাসন, সার্বভৌমত্ব, ভৌগোলিক সংহতি এবং যেকোনো বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার পক্ষে।
জি–২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পর কোয়াডের সদস্যরা শুক্রবার ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের ইয়োশিমাসা হায়াশি ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বৈঠকে চার নেতা এই অঞ্চলে চীনের আধিপত্য প্রতিষ্ঠাবিষয়ক উপস্থিতি পর্যালোচনা করেন।
বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সর্বব্যাপী ও স্থিতিশীল। তাকে মুক্ত ও অবাধ রাখতে কোয়াড দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। চার দেশ বলেছে, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন এবং ভৌগোলিক সীমানার সংহতিতে আমরা বিশ্বাসী। ভয় না দেখিয়ে, জোর না খাটিয়ে যেকোনো সমস্যা ও বিবাদের শান্তিপূর্ণ সমাধান করা যায় বলেও আমরা বিশ্বাস করি। এই অঞ্চলে সমুদ্র ও আকাশসীমায় আমরা বাধাহীন চলাচলে বিশ্বাস রাখি। আমরা একতরফাভাবে স্থিতিশীলতার বদল ঘটানোরও বিরুদ্ধে। এ সবকিছু এই অঞ্চল তো অবশ্যই, বিশ্বের সর্বত্র শান্তি, সুস্থিতি ও সমৃদ্ধির জন্য জরুরি।’ কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক মঙ্গলের জন্য কোয়াড ইতিবাচক ও গঠনমূলক কাজ করছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, কোয়াডের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলো পারস্পরিক স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, অবকাঠামো, আধুনিক প্রযুক্তি ও যোগাযোগের মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে ঋণের ফাঁদ, স্বচ্ছ ও ন্যায্য ঋণব্যবস্থা, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, মহাকাশ সহযোগিতা ও সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয়। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে সহযোগিতা বাড়াতে এক প্ল্যাটফর্ম তৈরি নিয়েও বৈঠকে কথা হয়।
বৈঠকের পর অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একবিংশ শতকে বিশ্বের গতিপথ নিয়ন্ত্রণ করবে। জয়শঙ্কর জানিয়েছেন, শিগগিরই ওয়াশিংটনে একটি মেরিটাইম সিকিউরিটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে।
তবে চীন শুক্রবার আরও একবার কোয়াডের সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং কোয়াড–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে বলেন, শান্তি ও উন্নয়নের জন্য পারস্পরিক আলাপ আলোচনাতেই চীন বিশ্বাসী। তিনি আরও একবার মনে করিয়ে দেন, কোয়াডকে চীন বিরোধী জোট বলেই তাঁরা মনে করেন। বিশ্বাস করেন, চীনের অগ্রসরতা রুখতেই এই অক্ষের সৃষ্টি।
যুদ্ধের জন্য রাশিয়ার শাস্তি পাওয়া উচিত
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোয়াডের বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ থেকে রাশিয়াকে দায়মুক্তি দেওয়া হবে না। ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকির বিষয়টিও অগ্রহণযোগ্য। নয়াদিল্লিতে ব্লিঙ্কেন জানান, ইউক্রেনে রাশিয়া যা করেছে, তার জন্য যদি দায়মুক্তি দেওয়া হয়, তাহলে অন্য জায়গার আগ্রাসীরাও ভুল বার্তা পাবে। তারা মনে করবে, এ ধরনের অপরাধ করে তারা পার পেয়ে যাবে।
কোয়াডের এই বৈঠকের আগে গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করেন ব্লিঙ্কেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই দুই নেতার এটাই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। মার্কিন কর্মকর্তারা বলেন, লাভরভের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন মস্কোকে যুদ্ধ শেষ করার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত করা চুক্তিতে ফিরতে আহ্বান জানান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাভরভ ব্লিঙ্কেনের সঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেন। তাঁরা কোনো বিষয়ে আলোচনায় বসেননি।