ভারতের গোয়ায় পৌঁছেছেন বিলাওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে ভারতের গোয়ায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি
ছবি: এএনআই

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া রাজ্যে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর এই সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিলাওয়াল কোনো বৈঠকে বসবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিলাওয়ালকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে পি সিং। দুই দিনের সম্মেলনের প্রধান আকর্ষণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিলাওয়াল ভুট্টোর মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কোনো পার্শ্ববৈঠক হয় কি না। যদিও বিভিন্ন মহলের ইঙ্গিত অনুযায়ী সেই সম্ভাবনা ক্ষীণ।

ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা বন্ধ রয়েছে ২০১৫ সাল থেকেই। সেই বছরের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে গিয়েছিলেন। ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এরপর দুই দেশের সম্পর্ক আজও স্বাভাবিক হয়নি। ঝুলে থাকা সমস্যা নিয়ে তেমন কোনো অর্থবহ আলোচনাও হয়নি।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর নওয়াজ শরিফের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্কের উন্নতির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতাদের সঙ্গে পাকিস্তানের ‘দহরম–মহরমের’ অভিযোগকে কেন্দ্র করে সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। ভারতের আপত্তি উপেক্ষা করায় ২০১৪ সালের আগস্ট মাসে তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের ইসলামাবাদ সফর বাতিল করেছিল ভারত। ২০১৯ সালে পুলওয়ামা–কাণ্ডের পর সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে ভারতে বিলাওয়ালের সফর যথেষ্ট আগ্রহের জন্ম দিয়েছে। কারণ, সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ না দিয়ে তিনি গোয়ায় আসার সিদ্ধান্ত নেন। কূটনৈতিক পর্যায়ে এই সিদ্ধান্ত তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগ্রহও সৃষ্টি হয়েছে প্রবল।

গোয়া আসার আগে আজ এক ভিডিও বার্তায় বিলাওয়াল বলেন, ‘এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানি প্রতিনিধিদল নিয়ে গোয়ায় যাচ্ছি। এসসিওকে পাকিস্তান কত গুরুত্ব দেয়, এই সফরের মধ্য দিয়ে সেই বার্তা স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। সংগঠনের অন্য সদস্যদেশের সঙ্গে দ্বিপক্ষীয় স্তরে বৈঠক করতে আগ্রহী।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় থেকে বিলাওয়ালের সফর নিয়ে এক টুইটে বলা হয়, এসসিওর বন্ধুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি পার্শ্ববৈঠক করবেন। পাকিস্তান এই সংগঠনের বহুমুখী লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা নেবে ও গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করে যাবে, যা পরস্পরের উপকার সাধন করবে।

সমুদ্রের কিনারায় গোয়ার তাজ এক্সোটিকা রিসোর্টে সম্মেলন হচ্ছে। আজ সন্ধ্যায় হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর নৈশভোজ দিচ্ছেন জয়শঙ্কর। সেখানে জয়শঙ্কর–বিলাওয়ালের মুখোমুখি আলাপচারিতা কেমন হয়, সেদিকে দুই দেশেরই রয়েছে তীক্ষ্ণ নজর।

গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের আসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিলাওয়াল যে মন্তব্য করেছিলেন (ওসামা বিন লাদেন নিহত। কিন্তু গুজরাটের কসাই বেঁচে আছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী), তা ভারতকে ক্ষিপ্ত করেছিল। সেই থেকে জয়শঙ্কর ও বিলাওয়াল মুখোমুখি হননি।

এদিকে বিলাওয়ালের সঙ্গে আলাদা বৈঠক না হলেও চীনের পররাষ্ট্রমন্ত্রী চিং গাং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আজই দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন জয়শঙ্কর। দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠক করবেন উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে।
চীনের সঙ্গে ভারতের তীব্র সীমান্ত বিরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। যদিও  পাকিস্তানের সঙ্গে পুরোপুরি বন্ধ। বিলাওয়ালের এই সফর পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটায় নাকি অপরিবর্তিত থাকে, সেদিকেই সবার নজর।