ট্রাম্পের শুল্কের খড়্গে আবার পড়তে যাচ্ছে ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। অবশ্য শুধু ভারত নয়, আরও ডজনখানেক দেশ ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় থাকতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এসব দেশ নিজেদের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনে সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই নতুন শুল্কের নিশানায় থাকতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি প্রধান অর্থনীতির দেশ। কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনের শুল্ক নিয়ে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফল প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই যুক্তরাষ্ট্র এই নতুন শুল্কের ঘোষণা দিতে যাচ্ছে। এখন পর্যন্ত হোয়াইট হাউস ও ইউএসটিআর এসব প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেছে।

নতুন শুল্কের কাঠামো

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীন গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে এই তদন্ত শুরু হয়েছিল। অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিয়ার জানিয়েছেন, ওই সব ভর্তুকি এবং অন্যান্য সরকারি সহায়তার কারণে সংশ্লিষ্ট অর্থনীতির দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে তাদের প্রতিষ্ঠানগুলো কম দামে পণ্য উৎপাদন করে বিশ্ববাজার ছেড়ে দিচ্ছে। এতে মার্কিন উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএসটিআরের ঘোষণার ফলে নিশানা করা দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক বসবে। এসব দেশ থেকে রপ্তানি হওয়া বেশির ভাগ পণ্যই এর আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে। কারণ, সেগুলোর ওপর জাতীয় নিরাপত্তার অন্য একটি আইনে আগেই শুল্ক আরোপ করা রয়েছে।

চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছেন, তারা ২০২৫ সালে প্রেসিডেন্টের নির্ধারিত শুল্কের মতোই হার আরোপ করতে চান। অবশ্য ট্রাম্পের সেই শুল্ক আরোপ চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন।

গত জুলাইয়ে বিদেশি সরবরাহ চেইনে (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের বিষয়ে একটি তদন্ত শেষ করেছে ইউএসটিআর। সংস্থাটি জানায়, এর ফলে ডজনখানেক বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত। এসব দেশের মধ্যে অতিরিক্ত উৎপাদনের তদন্তে থাকা ১৬টি অর্থনীতির দেশের সব কটিই রয়েছে। নতুন এই শুল্ক জুলাইয়ে ঘোষিত শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি

ভারত ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর কাঠামো ফেব্রুয়ারিতে চূড়ান্ত করা হয়েছিল। তবে গত বছর ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অধীন আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেন।

এরপর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে যায়। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা চাইছে।