কেদারনাথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ পুণ্যার্থীসহ ৭ জন নিহত
ভারতের উত্তরাখন্ডের কেদারনাথের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। এই সাতজনের মধ্যে পাইলট ছাড়া অন্যরা তীর্থযাত্রী ছিলেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে কেদারনাথ মন্দির থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের একটু পরই রুদ্রপ্রয়াগের গারুদ চট্টির কাছে বিধ্বস্ত হয়। এটি গুপ্তকাশী যাচ্ছিল।
উত্তরাখন্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সি রবিশঙ্কর বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও ছয় পুণ্যার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে যথাযথ তদন্ত শেষে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান শঙ্কর।
এভিয়েশনের সূত্র এনটিভিকে জানায়, গারুদ চাট্টিতে হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ার আগে বিকট শব্দ হয়েছিল।
দুর্ঘটনাস্থলে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে।