এবার ‘প্রেরণার উৎস’ বানানো হচ্ছে মোদির প্রাথমিক বিদ্যালয়কে
‘প্রেরণার উৎসস্থল’ হিসেবে সংরক্ষিত হচ্ছে গুজরাটের মেহসেনা জেলার ভদনগর এলাকার সেই বিদ্যালয়, যেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতাব্দীপ্রাচীন সেই বিদ্যালয় ভবন সংরক্ষণের ভার বর্তেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) ওপর। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নবনির্মিত সেই বিদ্যালয় ভবনকে ঘিরে গৃহীত হয়েছে এক অভিনব প্রকল্প, যাতে অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ নাগরিকেরা জীবন বিকশিত করে তোলার প্রেরণা পাবে।
দেশের প্রতিটি জেলা থেকে দুজন ছাত্র-ছাত্রীকে সরকারি খরচে নিয়ে যাওয়া হবে ওই বিদ্যালয়ে। আদর্শ ও মূল্যবোধভিত্তিক জীবন গড়ে তুলতে উপযুক্ত শিক্ষণ শিবিরে তারা অংশ নেবে। শিবির শেষে তারা ফিরে যাবে জীবনকে অর্থবহ করে তোলার প্রেরণা নিয়ে।
মেহসেনা জেলার ভদনগর সেই জনপদ, যেখানে রেলস্টেশনে শিশুকালে চা বিক্রি করেছেন বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কল্যাণেই একদা অনামী ভদনগর স্টেশন আজ গুজরাটের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। নতুন করে সাজানো হয়েছে স্টেশন চত্বর। প্ল্যাটফর্মের একাংশে গড়ে তোলা হয়েছে মোদির চায়ের দোকান। এবার পর্যটনের নতুন আকর্ষণ হতে চলেছে মোদির বিদ্যালয়।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্তাদের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, দেশের মোট ৭৫০ জেলা থেকে ২ জন করে ছাত্র-ছাত্রীকে নতুনভাবে গড়ে তোলার জন্য এ বিদ্যালয়ে আনা হবে। এক সপ্তাহ ধরে তাদের সেই শিক্ষা দেওয়া হবে, যা পুঁথিগত নয়। আদর্শ, জীবনবোধ, মূল্যবোধভিত্তিক সেই শিক্ষণ শিবিরের মূল লক্ষ্য জীবনকে প্রকৃত অর্থে অর্থবহ করে তোলা, সমাজ ও জাতির জন্য বিকশিত করা।
সরকারি কর্তারা বলেছেন, এক সপ্তাহব্যাপী ওই শিক্ষা শিবিরের যাবতীয় খরচ সরকারের। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে তৈরি এ প্রকল্পে বছরব্যাপী দেড় হাজার ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি জেলা থেকে দুজন পড়ুয়াকে কীভাবে বাছাই হবে, তা ঠিক করা হচ্ছে। বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের।
এ বিষয়ে সরকারিভাবে যে ধারণাপত্র বা ‘কনসেপ্ট নোট’ তৈরি করা হয়েছে, তার মূল কথা, পৃথিবীর বরেণ্য নেতারা প্রায় সবাই তাঁদের বড় হওয়ার পেছনে শিক্ষালয়ের অবদান স্বীকার করেছেন। প্রধানমন্ত্রীও মনে করেন, তাঁর বিকাশে এ বিদ্যালয়ের অবদান অমূল্য। সে কারণেই এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রেরণা’। উদ্দেশ্য—যুবসমাজ যাতে পরিবর্তনের অনুঘটক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। সরকারি কর্তারা জানান, এ প্রকল্পের মূল সুর—‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’।
যে বিদ্যালয়ে প্রধানমন্ত্রী মোদি পড়েছিলেন, তা তৈরি হয়েছিল ১৮৮৮ সালে। তখন সেই বিদ্যালয়ের নাম ছিল ‘ভদনগর কুমার (ছেলে) শালা (স্কুল) নম্বর ১’। ২০১৮ সাল পর্যন্ত ওই স্কুল চালু ছিল। পরে স্কুল ভবন অন্যত্র সরিয়ে এটি সংরক্ষণের জন্য এএসআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে গিয়ে বলেছিলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহ করে তিনি জীবনে প্রথম গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। সেই দাবির সমর্থনেও কিন্তু কোনো প্রমাণ বা নথি কোথাও পাওয়া যায়নি।
জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং—ভারতের সাবেক কোনো প্রধানমন্ত্রীর স্কুল এভাবে সংরক্ষণ করা হয়নি। রাজেন্দ্র প্রসাদ থেকে রামনাথ কোবিন্দ পর্যন্ত কোনো সাবেক রাষ্ট্রপতির বিদ্যালয়কেও প্রেরণার উৎসস্থল হিসেবে এভাবে সংরক্ষণের প্রয়োজন কেউ অনুভব করেননি। নরেন্দ্র মোদি এ ক্ষেত্রেও অনন্য। ভদনগরের রেলস্টেশনের চায়ের দোকান স্থাপনের পর সেখানকার প্রাথমিক বিদ্যালয়ও এবার থেকে তাঁর আলোয় আলোকিত হবে। আমেদাবাদের মোটেরা স্টেডিয়াম থেকে সরদার বল্লভভাই প্যাটেলের নাম মুছে নরেন্দ্র মোদির নামে রাখার কাজও হয়েছে তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে।
ভদনগর স্টেশনে চায়ের দোকান নিয়ে বিতর্ক অবশ্য আজও অব্যাহত। রেললাইনের অস্তিত্ব থাকলেও পঞ্চাশের দশকে ভদনগরে স্টেশন ছিল কি না, তার কোনো প্রামাণ্য নথি রেল মন্ত্রণালয়ে নেই। ২০১৪ সালে মোদি নিজে নির্বাচনী প্রচারে ওই স্টেশনে চা বিক্রির উল্লেখ করার পর ২০১৫ সালে তথ্য জানার অধিকার আইন মারফত ওই-সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। জানতে চাওয়া হয়, রেল মন্ত্রণালয় তেমন কোনো দোকানের অনুমতি মোদি পরিবারকে দিয়েছিল কি না। রেল মন্ত্রণালয় জানিয়েছিল, তেমন কোনো তথ্য তাদের কাছে নেই।
ভদনগরে রেললাইন থাকলেও স্টেশন তৈরি হয় ১৯৭৩ সালে। সে সময় নরেন্দ্র মোদির বয়স ২৩ (জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর)। ১৯৬৭ সালে ১৭ বছর বয়সে তিনি গৃহত্যাগী হয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে গিয়ে বলেছিলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহ করে তিনি জীবনে প্রথমবার গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। সেই দাবির সমর্থনেও কিন্তু কোনো প্রমাণ বা নথি কোথাও পাওয়া যায়নি।
তবে সবচেয়ে বড় বিতর্ক মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার দাবি করেছেন। অথচ দাবির সমর্থনে আজও কোনো প্রশংসাপত্র বা সনদ পেশ করা হয়নি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে যা দেখানো হয়েছিল, তার সত্যতা নিয়ে বহু প্রশ্ন রয়েছে। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। মামলাও হয়েছে। ‘অহেতুক’ মামলা করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জরিমানাও হয়েছে। কিন্তু দিল্লি বা গুজরাট কোনো বিশ্ববিদ্যালয়ই এ বিবাদ নিরসনে অকাট্য ও বিশ্বাসযোগ্য প্রমাণ দাখিল করতে পারেনি।
তবে ভদনগর রেলস্টেশনের ভোল পাল্টে গেছে। স্টেশন চত্বর প্রধানমন্ত্রী মোদিময়। বিদ্যালয় ঘিরেও শুরু হয়েছে কর্মযজ্ঞ। ভদনগর শহর ঝাঁ-চকচকে করে তোলার এক পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের টাকা ও রাজ্য সরকারের তদারকিতে প্রধানমন্ত্রী মোদির এ জন্মস্থানকে গড়ে তোলা হচ্ছে সংস্কৃতি কেন্দ্র হিসেবে। তৈরি করা হচ্ছে এক হেরিটেজ সংগ্রহশালা। খরচ ধার্য হয়েছে ২০০ কোটি রুপি।