আইফেল টাওয়ারের চেয়েও উঁচু রেলসেতুটি শিগগিরই চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জম্মু–কাশ্মীরে চেনাব নদীর ওপর নির্মিত রেলসেতু
ছবি: টুইটার থেকে নেওয়া।

জম্মু–কাশ্মীরের ওপর দিয়ে বয়ে গেছে খরস্রোতা চেনাব নদী। এই নদীর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য একটি সেতু বানিয়ে রীতিমতো ইতিহাস গড়েছে ভারত। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলসেতু এটি। শিগগিরই চেনাব সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তবে উদ্বোধনের আগেই আলোচনা চলছে চেনাব রেলসেতু নিয়ে। চেনাব নদী থেকে ৩৫৯ মিটার বা ১ হাজার ১৭৮ ফুট উঁচুতে সেতুটির অবস্থান। সেই হিসাবে, বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলসেতু এটি। ফ্রান্সের প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার উঁচুতে সেতুটির অবস্থান।

আরও পড়ুন

ভারতীয় রেলওয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে ট্রেনে চড়ে চেনাব সেতুর ওপর দিয়ে চলাচল করা যাবে।

জম্মু–কাশ্মীরের বাক্কাল ও কউরি এলাকাকে যুক্ত করেছে ইস্পাতের কাঠামোর ওপর কংক্রিটের ঢালাই দেওয়া সেতুটি। এটি দেখতে ধনুকের মতো বাঁকানো। সেতুটি ১ হাজার ৩১৫ মিটার লম্বা।

উধামপুর–শ্রীনগর–বারামুল্লা রেলপথে এই সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে। সেতুসহ পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৩৫ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৫ হাজার ৪৩৪ কোটি টাকা।

আরও পড়ুন

সেতুটির ওপর দিয়ে ট্রেনে চড়ার জন্য জম্মু–কাশ্মীরবাসীকে প্রায় দুই দশক ধরে অপেক্ষা করতে হচ্ছে। ২০০৩ সালে চেনাব সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তবে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। পরে কাজ শুরু হয় ২০০৮ সালে।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইতিমধ্যে চেনাব সেতু দিয়ে ট্রেন চলাচলের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এখন অপেক্ষা উদ্বোধনের।