কেরালায় খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণ, নিহত ১
ভারতের কেরালায় কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে পরপর কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। কোচি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে জেওভাহ উইটনেস কনভেনশন সেন্টারে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ বিস্ফোরণ হয়।
প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে।
ঘটনার সময় কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা লোকজন সংবাদমাধ্যমকে বলেছেন, প্রার্থনার মাঝখানে প্রথম বিস্ফোরণটি হয়। এরপর আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ বিস্ফোরণকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির ওপর গুরুত্বসহকারে নজর রাখা হচ্ছে।
বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সব স্বাস্থ্যকর্মীকে কাজে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এখন ঘটনাটি তদন্ত করবে। সংস্থার ফরেনসিক দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।