ত্রিপুরায় ভোট গ্রহণ শুরু
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যজুড়ে আজ বৃহস্পতিবার সকাল ঠিক সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট ৩ হাজার ৩৩৭টি বুথে এই ভোট গ্রহণ এখন পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে চলছে। কয়েকটি জায়গা থেকে ভোটিং মেশিনে সামান্য সমস্যার খবর পাওয়া গিয়েছে, তবে তা দ্রুত মিটে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বড় ধরনের কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি।
এর আগে একটি জায়গা থেকে বড় ধরনের নির্বাচনী সংঘাতের খবর পাওয়া গিয়েছে। এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে সিপাহীজালা জেলার নলছড় বিধানসভা কেন্দ্রে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের এক কর্মী বিপ্লব রায়কে আক্রমণ করেন সিপিএম দলের কর্মীরা। এ ঘটনায় বিপ্লব রায় আঘাতপ্রাপ্ত হন এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিপ্লব রায়ের পরিবারের তরফে সিপিআইএম প্রার্থী তপন দাসসহ নয়জনের নামে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনা ছাড়া গত ২৪ ঘণ্টায় আর কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রায় সব বুথই ওয়েব ক্যামেরার মাধ্যমে নির্বাচনী কর্মকর্তার দপ্তরের সঙ্গে যুক্ত থাকছে। তবে ৭০টি এমন বুথ রয়েছে, যা ইন্টারনেট পরিষেবার বাইরে। সেসব বুথ থেকে ভোট গ্রহণ সরাসরি নির্বাচন কর্মকর্তার কাছে সম্প্রচার করা যাচ্ছে না। তবে ভোট গ্রহণের রেকর্ডিং হচ্ছে বলে জানানো হয়েছে। রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যার ফলে ৫ জনের বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত হতে পারবেন না।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান, তাঁদের লক্ষ্য সম্পূর্ণ ত্রুটিহীন ভোট করানো। কোনো বুথেই যাতে দ্বিতীয়বার ভোট না করাতে হয়, সেই লক্ষ্যে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন গিত্যে।
ত্রিপুরা নির্বাচনে মোট ২৮ লাখ ১৪ হাজার ৫৮৪ জনের ভোট দেওয়ার কথা, যার মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ২৩৩ জন পুরুষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬২ জন। এবারের ভোটে ১৪ হাজারেরও বেশি ব্রু উপজাতি সম্প্রদায়ের ভোটারে নাম অন্তর্ভুক্ত হয়েছে।