ভারতের মহারাজার সম্পদবণ্টন–রহস্যের শেষ যেভাবে
ভারতের ফরিদকোটের রাজপরিবারের সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মধ্যে মহারাজা হরিন্দর সিং ব্রারের ২০ হাজার কোটি রুপি মূল্যের সম্পত্তি নিয়ে তাঁর দুই মেয়ের তিন দশক ধরে চলে আসা বিরোধের মীমাংসা হলো। আর এই মীমাংসার মাধ্যমে জানা গেছে রাজপরিবারের অজানা নানা তথ্য।
১৯৮৯ সালে ফরিদকোটের (বর্তমান পাঞ্জাব রাজ্য) শেষ শাসক মহারাজা হরিন্দর সিংয়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তাঁর বড় মেয়ে অমৃত কৌর মহারাজার উইল চ্যালেঞ্জ করেন। তিনি দাবি করেন, বাবার সম্পত্তির কোনো অংশই তিনি পাননি।
পরে সর্বোচ্চ আদালত বলেন, মহারাজা হরিন্দর সিংয়ের উইলটি ‘কাল্পনিক, বানোয়াট ও সন্দেহজনক’। এই উইলে তাঁর দুই মেয়েকে সম্পত্তির বড় অংশ দেওয়া হয়েছে।
কে এই হরিন্দর সিং
মহারাজা হরিন্দর সিং ফরিদকোটের (বর্তমান পাঞ্জাব রাজ্য) শেষ শাসক ছিলেন। বাবার মৃত্যুর পর ১৯১৮ সালে মাত্র তিন বছর বয়সে হরিন্দর সিং মহারাজার মুকুট পরেন। তাঁর জন্ম ১৯১৫ সালে। লাহোরের অ্যাটকিনসন কলেজে তিনি পড়াশোনা করেছেন। তাঁর স্ত্রীর নাম নারিন্দার কৌর। তাঁদের এক ছেলে টিক্কা হরমোহিন্দার সিং এবং তিন মেয়ে হলেন অমৃত কৌর, দীপিন্দর কৌর ও মাহীপিন্দার কৌর।
দায়িত্বশীল সরকার গঠনের জন্য হরিন্দর সিং ১৯৩৮ সালে প্রজামণ্ডল আন্দোলন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে স্বাধীন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাতিয়ালা, নাভা, মালেরকোটলা ও কাপুরথালাকে ফরিদকোটের সঙ্গে যুক্ত করে পেপসু (পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন) গঠন করে।
হরিন্দর সিং ১৯৮৯ সালে মারা যান। একাধিক উইল রেখে যাওয়ায় তাঁর মৃত্যুর পর সম্পত্তি নিয়ে উত্তরাধিকারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ১৯৮১ সালে সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে নিহত হন। পরে ২০০১ সালে শিমলায় তাঁর মেয়ে মাহীপিন্দার কৌরের মৃত্যু হয়।
রাজা হরিন্দর সিংয়ের যা আছে
রাজা হরিন্দর সিং সম্পদের জন্য জনপ্রিয় ছিলেন। তাঁর মালিকানায় দামি এয়ারক্র্যাফট, মোটরবাইক ও অনেক গাড়ি ছিল। জেমিনি এম ৬৫ মডেলসহ চারটি এয়ারক্র্যাফট আছে। ফরিদকোট প্রাসাদে এই এয়ারক্র্যাফটের হ্যাঙ্গার। তাঁর ১৮টি গাড়িবহরের মধ্যে আছে রোলস রয়েস, বেন্টলে, জাগুয়ার, ডেমলার ও প্যাকার্ড।
রাজার রেখে যাওয়া সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি রুপি। ১৯৮৪ সালে নয়াদিল্লির ডিস্ট্রিক্ট ভ্যালুয়েশন অফিসার তাঁর যেসব সম্পদের বাজারমূল্য নির্ধারণ করেছিলেন, সেগুলোর মধ্যে আছে দিল্লির কোপারনিকাস মার্গে ফরিদকোট হাউস, ডিপ্লোমেটিক এনক্লেভ ১-নয়া মার্গে ফরিদকোট হাউস, ওখলা ইন্ডাস্ট্রিয়াল প্লট, মাশোবরা হাউস, দিল্লির রিভেরা অ্যাপার্টমেন্ট, চণ্ডীগড়ে হোটেল প্লট, ফরিদকোটে রাজমহল, ফরিদকোটে কিলা মুবারিক, ফরিদকোটে স্ট্যাবলস ও চণ্ডীগড়ের মনিমাজরায় সূর্যগড় ফোর্ট।
বিতর্কিত উইল
ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালে হরিন্দর সিং সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ চুক্তিতে তাঁর সম্পত্তির কিছু অংশের ওপর নিয়ন্ত্রণ রাখার অনুমতি দেওয়া হয়। এসব সম্পত্তির মধ্যে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও দিল্লিতে ছড়িয়ে থাকা শত শত একর জমি, এয়ারক্র্যাফট, ভিনটেজ গাড়ি ও ব্যাংকে রাখা অর্থ।
ইতিহাসবিদ হরজেশ্বর পাল সিং বলেন, ফরিদকোটের শাসক রেলওয়ে ও হাসপাতাল নির্মাণের মতো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। হরিন্দর সিং ও তাঁর পূর্বপুরুষদের ব্রিটিশদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল।
হরিন্দর সিং ও তাঁর স্ত্রী নারিন্দার কৌরের এক ছেলে ও তিন মেয়ে ছিল। তাঁদের মধ্যে কেবল বড় মেয়ে অমৃত কৌর বেঁচে আছেন। তাঁর বয়স এখন ৮৩ বছর। ছেলে টিক্কা হরমোহিন্দার সিং ও এক মেয়ে মাহীপিন্দার কৌর সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার আগে মারা যান।
মহারাজা হরিন্দর সিং ১৯৫০ সালে প্রথম উইল করেন। সেখানে বলা হয়, কয়েকটি ব্যাংকে রাখা অর্থ ও চারটি ফ্ল্যাট তাঁর তিন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে।
এর দুই বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় উইল করেন তিনি। ওই উইলে বলা হয়, তিনি কোনো সম্পদ বড় মেয়ে অমৃত কৌরের কাছে দিয়ে যেতে চান না। তাঁর পরিবর্তে সম্পদ অন্য দুই মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, বড় মেয়ে অমৃত কৌর বাবা হরিন্দর সিংয়ের ইচ্ছার বিরুদ্ধে একজন আইপিএস অফিসারকে বিয়ে করার কারণে তাঁকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় উইলের তিন বছর পর হরিন্দর সিং লন্ডনে আরেকটি আইনি চুক্তি করেছিলেন। ওই আইনি চুক্তিটি ছিল সম্পদের নিবন্ধিত বন্দোবস্ত। এই চুক্তিতে তিনি উত্তরাধিকার থেকে অমৃত কৌরকে বঞ্চিত করেননি।
এ চুক্তি অনুযায়ী, অমৃত কৌরের বয়স ২৫ বছর হলে বা তাঁর স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হলে সম্পত্তির উত্তরাধিকার পাবেন। কিন্তু হরিন্দর সিংয়ের মৃত্যুর পর অমৃত তৃতীয় উইল পড়ে বড় ধাক্কা খেয়েছিলেন। এই সময়টা ছিল তাঁর ভাই টিক্কা হরমোহিন্দার সিং সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কয়েক মাস পর, ১৯৮২ সালের ১ জুন।
তৃতীয় উইলে বলা হয়, রাজপরিবারের সব সম্পত্তি একটি ট্রাস্ট পরিচালনা করবে। এই ট্রাস্টি বোর্ডে থাকবেন অমৃত কৌরের দুই বোন ও হরিন্দর সিংয়ের মায়ের একজন আত্মীয়।
আইনি লড়াই
১৯৯১ সালে অমৃত কৌর এই উইলকে চ্যালেঞ্জ করেন। বাবার সম্পত্তির এক-তৃতীয়াংশ দাবি করে মামলা করেন তিনি। মামলায় দুই বোন দীপিন্দর কৌর ও মাহীপিন্দর কৌর এবং অন্য ট্রাস্টিদের বিবাদী করা হয়।
এরপর ঝামেলা আরও শুরু হয়। কারণ, মহারাজার ছোট ভাই কানওয়ার মনজিৎ ইন্দর সিংও সম্পত্তি চেয়ে আরেকটি মামলা করেন। মহারাজার সবচেয়ে কাছের জীবিত পুরুষ আত্মীয় হিসেবে তিনি সম্পত্তির অধিকারী দাবি করেন।
২০১৩ সালে একটি বিচারিক আদালত দুই মামলায় রুল দেন। রুলে বলা হয়, তৃতীয় উইলটি আসল নয়। এ ছাড়া অমৃত কৌর তাঁর আরেক বোন দীপিন্দর কৌরসহ (আরেক বোন মাহীপিন্দর কৌর ২০০১ সালে মারা যান) সব সম্পত্তির অর্ধেক অংশের অধিকারী।
অমৃত কৌরের নিয়োগ দেওয়া ফরেনসিক বিশেষজ্ঞ জেসি আনন্দ বলেন, তাঁরা তৃতীয় উইলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন। এতে প্রমাণিত হয়েছে যে উইলটি মহারাজা হরিন্দর সিংয়ের তৈরি করা নয়।
জেসি আনন্দ বলেন, ‘রাজা একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাঁর হাতের লেখা অনেক সুন্দর ছিল। কিন্তু উইলটিতে তাঁর প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটেনি, আর অসংখ্য বানানও ভুল ছিল। তাঁর সই জাল করা হয়েছিল। উইলটি লিখতে বিভিন্ন টাইপ রাইটার ব্যবহার করা হয়েছিল।’
বিচারিক আদালত মহারাজার ছোট ভাই কানওয়ার মনজিৎ ইন্দর সিংয়ের দাবিও প্রত্যাখ্যান করে দেন। এই রুলের বিরুদ্ধে ট্রাস্টের সদস্য, দীপিন্দর কৌর ও কানওয়ার মনজিৎ ইন্দর সিংয়ের ছেলে ভারত ইন্দর সিং আপিল করেন। তবে ২০২০ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রেখে বলেন, তৃতীয় উইলটি বানোয়াট ছিল।
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হরিন্দর সিংয়ের ভাইয়ের দাবিও প্রত্যাখান করে বলেন, তিনি রাজার সম্পত্তির ২৫ শতাংশের অধিকারী ছিলেন। কারণ, হরিন্দর সিংয়ের মৃত্যু হয় ১৯৮৯ সালে। এর দুই বছর পর ১৯৯১ সালে তাঁদের মায়ের মৃত্যু হয়।
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ বহাল রাখেন। রায় ঘোষণার সময় আদালত বলেন, এখন যে ট্রাস্টি বোর্ড সম্পত্তি পরিচালনা করে আসছে, তা শিগগিরই ভেঙে দেওয়া হবে।
২০১৮ সালে অমৃত কৌরের আরেক বোন দীপিন্দর কৌরের মৃত্যু হয়। তাই এখন রাজপরিবারের বাকি সম্পদ অমৃত কৌর ও দীপিন্দর কৌরের পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে পুলিশ এখন জাল উইলের বিষয়টি তদন্ত করছে।
এখন যা হবে
এখন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রাজপরিবারের সম্পত্তি ভাগ করা হবে। তবে কে কোন সম্পত্তি কীভাবে পাবেন, তা পরিবারের সদস্যরা মিলে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এতেও যদি সমাধান না হয়, তবে সেটিও আদালত নির্ধারণ করে দেবেন। তবে এই প্রক্রিয়া সময়সাপেক্ষ হবে বলে জানিয়েছেন কানওয়ার মনজিৎ ইন্দর সিংয়ের নাতি অমরিন্দর সিং।
অমরিন্দর সিং বলেন, যা–ই হোক, এতে অন্তত পারিবারিক দীর্ঘ কলহের অবসান হলো। তবে যেহেতু অনেক জায়গায় অনেক সম্পতি আছে, তাই মামলাটি চলবে।
বিবিসি অনলাইন, হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভাষান্তর আবু হেনা মোস্তফা কামাল।