ঝাড়খন্ডে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৪
ভারতের ঝাড়খন্ড রাজ্যের ইস্পাত নগরী বোখারোয় তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
গতকাল শনিবার সকালে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ৮০ কিলোমিটার দূরে পেতাওয়ার থানার খেটগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিছিলে থাকা লোহার একটি দণ্ডের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের বোখারো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বেবী দেবী হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিহত প্রতিটি পরিবারকে তিন লাখ রুপি আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল শনিবার পবিত্র আশুরা পালিত হয়েছে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে। দিনভর কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরআন তিলাওয়াত।
সকালে কলকাতার নাখোদা মসজিদ, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস, আনোয়ার শাহ রোড থেকে তাজিয়া মিছিল বের হয়। এ ছাড়া কলকাতার টালিগঞ্জ, মেটিয়া ব্রুজ, শিয়ালদহ, নিউ আলীপুর, মহাবীরতলা, রাজাবাজার, খিদিরপুর, বেলগাছিয়া, কৈখালিসহ বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের হয়।