বাঘের পেছনে হাঁটলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘের পেছনে হাঁটছেন এক ব্যক্তি
ছবি: ভিডিও থেকে

বাঘ কতটা হিংস্র হতে পারে, তা নিশ্চয়ই কারও অজানা নয়। কিন্তু তা জেনেও কোনো মানুষ বাঘের পেছনে হাঁটতে পারেন? এই প্রশ্নের জবাব ‘না’ হওয়ারই কথা। কিন্তু ভারতের ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুকান্ত নন্দর টুইটারে শেয়ার করা একটি ভিডিও দেখলে অবাক হতে হবে। কারণ, জবাবটি কখনো কখনো ‘হ্যাঁ’ও হতে পারে।

সুকান্ত নন্দর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মুঠোফোন হাতে বাঘের পেছনে হাঁটছেন।

সাধারণ চিড়িয়াখানায় বাঘ বন্দী করে রাখা হয় এবং বাইরে থেকে দর্শনার্থীরা তাদের দেখেন। কিন্তু সাফারি পার্ক বা সংরক্ষিত বনাঞ্চলে ঠিক এর উল্টো। সেখানে নির্দিষ্ট রাস্তায় ঘুরে ঘুরে দর্শনার্থীরা বন্য প্রাণী দেখার সুযোগ পান। এমন একটি সংরক্ষিত বনাঞ্চলেই এ কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি।

ভিডিওটিতে দেখা যায়, কয়েক শ মিটার সামনে একটি বাঘ হাঁটছে। আর ওই ব্যক্তি মুঠোফোন হাতে নিয়ে বাঘের পেছনে হাঁটছেন। আর অন্যরা একটি গাড়িতে বসে ভিডিও ধারণ করছেন এবং ছবি তুলছেন। যাঁরা এর ভিডিও ধারণ করেছেন বা ছবি তুলেছেন, তাঁরা বিপৎসীমার মধ্যে ছিলেন না।

ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। তবে ভারতের বন বিভাগের কর্মকর্তা সুকান্ত নন্দ ওই ব্যক্তির কর্মকাণ্ডে বেজায় চটেছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভিডিওটি ভাইরাল হয়েছে। ভুল কারণে ভাইরাল হয়েছে।

বাঘকে কেন্দ্র করে যে পর্যটন গড়ে উঠেছে, তা স্থানীয়দের জীবিকা নির্বাহ ও প্রাণী সংরক্ষণে সাহায্য করে। কিন্তু এই ব্যক্তির মতো কিছু মানুষ এর দুর্নাম ছড়াচ্ছেন। অনুগ্রহ করে এমন বোকামি করবেন না এবং আপনার বন্ধুকে অনুরোধ করুন বন্য প্রাণী সংরক্ষণ অঞ্চলগুলোয় যথাযথ আচরণ করতে।’

অনেকে এই ভিডির নিচে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ওই ব্যক্তি এটা করার সুযোগ পেলেন কী করে? বন বিভাগের কোনো কর্মকর্তা কি সেখানে ছিলেন না? অনেকেই ওই ব্যক্তিকে ‘বোকা’ বলে আখ্যা দিয়েছেন।